ঘটনার শুরু গত মার্চে। ওই মাসের এক সাদামাটা সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সান জোসের এয়ারবিএনবিতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক একটি বৈঠকের আয়োজন করেছিলেন। বৈঠকটি টুইটারের জন্য ছিল বিশেষ কিছু। কারণ তার অল্প কয়েক দিন আগেই তিনি টুইটারের অন্যতম শেয়ারহোল্ডার হয়েছেন। তবে তখনো টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর জানতেন না বৈঠকটি কেন ডাকা হয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, টুইটারের অংশীদার (শেয়ারহোল্ডার) হওয়ার পর কোম্পানিটির বোর্ডেরও অংশ হওয়ার ইচ্ছা হয়েছিল ইলনের। সেই উদ্দেশ্য সফল করতেই তিনি বৈঠকটি ডেকেছিলেন।
যাই হোক। যথাসময়ে বৈঠকটি শুরু হয় এবং এর কয়েক দিন পর ইলন মাস্ক ঘোষণা করেন, তিনি টুইটারের বোর্ডে যোগ দিয়েছেন।
সেই ঘোষণা ছিল একটি টান টান উত্তেজনাময় পরবর্তী ছয় মাসের ঘটনাবহুল এক টুইটার-কাণ্ডের শুরু। সত্যিকার অর্থেই মার্চ মাসের পর এ পর্যন্ত টুইটার ও ইলন মাস্ককে ঘিরে যা ঘটেছে, তা সিলিকন ভ্যালির ইতিহাসে কেউ দেখেনি।
এপ্রিলের শুরুর দিকে মাস্ক টুইটার নিয়ে নিয়মিত টুইট করতে শুরু করেন এবং কীভাবে টুইটারে আরও পরিবর্তন আনা যায়, সেসব নিয়ে পোস্ট করতে থাকেন। তাঁকে তখন টুইটার বোর্ডের সদস্য হিসেবে বেশ উৎফুল্লই মনে হচ্ছিল।
তবে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হতে শুরু করে, টুইটারের প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগরওয়ালের সঙ্গে ইলন মাস্কের বৈঠকগুলো হৃদ্যতাপূর্ণ হচ্ছে না। টুইটার প্ল্যাটফর্মে পরিবর্তন আনার বিষয়ে তাঁরা ঐকমত্যে পৌঁছাতে পারছেন না। এ নিয়ে তাঁদের মতবিরোধ একসময় চরমে ওঠে। গুঞ্জন ওঠে, টুইটার কিনতে চান ইলন মাস্ক।
এরপর এপ্রিলের ১৪ তারিখে ইলন মাস্ক প্রকাশ্যে বোমাটি ফাটান এবং ঘোষণা দেন, তিনি টুইটার কিনতে চান।
তখন বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার প্রস্তাব দিয়েছেন। টুইটার বোর্ড প্রাথমিকভাবে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এবং জোর করে মাস্ক যাতে টুইটার কিনতে না পারেন, সে জন্য ‘পয়জন পিল’ নামে একটি কোম্পানি বিধিমালাও তৈরি করেছিল।
পরে টুইটার বোর্ড অবশ্য তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং টুইটার বেচাকেনা বিষয়ে মাস্কের সঙ্গে চুক্তি করে। এপ্রিলের ২৫ তারিখে টুইটার ঘোষণা করে, তারা ইলন মাস্কের টুইটার ক্রয়বিষয়ক প্রস্তাবটি গ্রহণ করেছে।
ওই দিনই মাস্ক খুশিতে টুইট করেন—‘ইয়েসসসসস’ লিখে।
এরপর হঠাৎ করেই ইলন টুইটারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করতে শুরু করেন। যেমন—টুইটার তার পথ হারিয়েছে, এটি মানুষের বাকস্বাধীনতা খর্ব করে ইত্যাদি। এরপর তিনি সবচেয়ে গুরুতর যে অভিযোগটি তোলেন সেটি হচ্ছে, ভুয়া অ্যাকাউন্ট দিয়ে টুইটার ভরা।
এরপর থেকে তিনি টুইটার কর্তৃপক্ষকে বারবার প্রকৃত ব্যবহারকারীর তথ্য সরবরাহ করতে চাপ দিতে থাকেন। টুইটারের নির্বাহীরা বলেন, টুইটারে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের কম। কিন্তু ইলন তা বিশ্বাস করতে নারাজ। তিনি বারবার প্রকৃত ব্যবহারকারীর তথ্য চাইতে থাকেন টুইটারের কাছে। ইলনের দাবি, টুইটার কর্তৃপক্ষের দাবি করা অ্যাকাউন্টের চেয়ে অনেক বেশি ভুয়া অ্যাকাউন্ট আছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে টুইটারের চুক্তিটি হুমকির মুখে পড়ে। ৪ জুলাই মাস্ক ঘোষণা দেন, তিনি আর টুইটার কিনতে চান না। চুক্তি থেকে বের হয়ে আসতে চান। কিন্তু বেঁকে বসে টুইটার কর্তৃপক্ষ। তারা বলে, টুইটার কিনতে ইলন আইনত বাধ্য। চুক্তি থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই।
শেষমেশ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ইলনের বিরুদ্ধে মামলা করে টুইটার। এরপর ইলন মাস্ক টুইটার কিনতে বাধ্য কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে উভয় পক্ষের আইনজীবীকে ১৭ অক্টোবর ডেলাওয়্যারে একটি আদালতে উপস্থিত হতে বলা হয়।
এরপর হঠাৎ করেই ঘটনার মোড় অন্য দিকে ঘুরে যায়। মাস্ক বলেন, ‘তিনি টুইটার কিনবেন। চুক্তিটি সচল থাকবে।’ ইলন মাস্কের এই ঘোষণার পর টুইটার কর্তৃপক্ষ মামলাটি স্থগিত করে।
দীর্ঘ ছয় মাস ধরে জল ঘোলা করার পর আজ শুক্রবার টুইটারের নিয়ন্ত্রণ নেন ইলন মাস্ক। টুইটারের অন্যতম বিনিয়োগকারী রস গারবারের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন।
রস গারবার বলেছেন, ‘আমার মনে হয়, আদালত মাস্ককে চুক্তি মেনে চলতে চাপ দিয়েছে। বলতে বাধা নেই, শুরুতে এ নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল।’
বিবিসি আরও জানিয়েছে, টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই মাস্ক তাৎক্ষণিকভাবে এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেদ সেগালকে বরখাস্ত করেছেন। 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার নিজ বাসভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় তিনি এই ঘোষণা দেন।
৩৪ মিনিট আগে
১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিএনএন বিশ্বজুড়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এবং ওই বছরই তিনি টাইম ম্যাগাজিনের ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।
২ ঘণ্টা আগে
কাতারের একটি মার্কিন পরিচালিত শরণার্থীশিবিরে থাকা এক আফগান কিশোরী যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাছে আবেগঘন আবেদন জানিয়েছেন। ১৪ বছর বয়সী জাহরা নামের ওই কিশোরী বলেছেন—তারা শুধু একটি নিরাপদ জীবন, শিক্ষা গ্রহণের সুযোগ এবং উজ্জ্বল ভবিষ্যতের একটি সুযোগ চায়।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রস্তাবটি পর্যালোচনা শেষে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তাঁরা নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে..
৩ ঘণ্টা আগে