Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ১৫ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অর্থ ঢেলেছে ইসরায়েলের অস্ত্র কোম্পানিগুলো: প্রতিবেদন

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্রের ১৫ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অর্থ ঢেলেছে ইসরায়েলের অস্ত্র কোম্পানিগুলো: প্রতিবেদন
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ড্রপ সাইটের অনুসন্ধান ও অ্যান্টিওয়ার ইনিশিয়েটিভের বিশ্লেষণ অনুযায়ী, ২০০৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশটির প্রতিরক্ষা শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত ১ কোটি ৫০ লাখ ডলারের বেশি অর্থায়নের তথ্য হয় প্রকাশ করা হয়নি, নয়তো অসামঞ্জস্যপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ও অঙ্গরাজ্য পর্যায়ের নিরীক্ষা নথি, বিদেশি অর্থায়নসংক্রান্ত তথ্য এবং একাডেমিক দলিল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই আর্থিক সম্পর্কের সঙ্গে কলাম্বিয়া, কর্নেল, প্রিন্সটন, হার্ভার্ড, নর্থ ওয়েস্টার্ন, জর্জিয়া টেক, টেক্সাস টেকসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। গবেষণা অনুদান, চুক্তি, শিক্ষাবৃত্তি ও অন্যান্য সহায়তার মাধ্যমে অর্থ দেওয়া হয়।

কিছু ক্ষেত্রে সরাসরি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে। অন্য ক্ষেত্রে ইসরায়েলি অস্ত্র কোম্পানি এলবিট সিস্টেমস, রাফায়েল ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুক্ত ছিল।

উদাহরণ হিসেবে ইউনিভার্সিটি অব কানেকটিকাটের একটি প্রকল্পে ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ৬ লাখ ৬৮ হাজার ডলার দিয়েছে বলে অঙ্গরাজ্যের নিরীক্ষা নথিতে উল্লেখ রয়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত দুটি প্রকল্পে প্রায় ৮ লাখ ডলারের অর্থায়নের তথ্য পাওয়া গেছে।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে একটি ম্যাগনেটোমিটার গবেষণার জন্য ৬ লাখ ডলারের চুক্তির তথ্যও উঠে এসেছে। অন্যদিকে এমআইটি ২০১৫ থেকে ২০২৪ অর্থবছরের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রকল্পে প্রায় ৪০ লাখ ডলার পাওয়ার তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অস্ত্রশিল্প ও পেন্টাগনের বাজেটবিষয়ক বিশেষজ্ঞ উইলিয়াম হার্টাং বলেন, ইসরায়েলের কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কোনো আত্মমর্যাদাসম্পন্ন বিশ্ববিদ্যালয়ের দেশটির কাছ থেকে অর্থায়ন গ্রহণ করা উচিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত