
মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে।
মার্কিন জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীকে গত আগস্ট মাসে এই পরীক্ষার মুখোমুখি হতে হয়। এ সময় তাঁদের জিজ্ঞেস করা হয়েছিল, তাঁরা বা তাঁদের পরিচিত কেউ গণমাধ্যমের কাছে গোপনীয় সামরিক তথ্য ও অস্ত্রসংকটের তথ্য প্রকাশ করেছেন কি না।
জয়েন্ট স্টাফের ১,৫০০ থেকে ২,০০০ কর্মকর্তার মধ্যে অল্প কিছু কর্মকর্তা ও কর্মচারী এই অস্ত্রসংকটের তথ্যটি জানতেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন আশঙ্কাও করেন, কেবল গণমাধ্যমে তথ্য ফাঁস নয়, এর পেছনে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য পাচারের বিষয়ও থাকতে পারে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই পলিগ্রাফ পরীক্ষার উদ্দেশ্য শুধু তথ্য ফাঁসকারীদের শনাক্ত করা নয়, ভবিষ্যতে সম্ভাব্য ফাঁস ঠেকাতে অন্যদেরও সতর্ক করা।
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুত কমে যাওয়ার বিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এরপরই তদন্তে নামে পেন্টাগন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি না হলেও অভ্যন্তরীণ কড়াকড়ির বিষয়ে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘পেন্টাগন সাধারণত তাদের কর্মী বা অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করে না। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত যেকোনো গোপনীয় তথ্য ফাঁস হওয়াকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’
এদিকে সামরিক অস্ত্রের ঘাটতি সম্পর্কিত সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ মিথ্যা এবং ‘দেশদ্রোহী আচরণ’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, ‘তারা এটা করছে, কারণ তারা আমাকে জিততে দেখার চেয়ে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারতে দেখতেই বেশি পছন্দ করে।’
আরেক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে মধ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন গোলাবারুদের ব্যাপক মজুত রয়েছে—যেকোনো যুদ্ধের জন্য প্রয়োজনের চেয়েও অনেক বেশি।’ তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমানে ইতিহাসের সবচেয়ে বেশি গোলাবারুদ উৎপাদন করছে এবং ভবিষ্যতের যেকোনো পরিস্থিতির জন্য মজুত গড়ে তুলছে।’
এদিকে গত ৫ মে থেকে ইরান যুদ্ধ নিয়ে এখন পর্যন্ত কোনো সংবাদ সম্মেলন করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একই সঙ্গে পেন্টাগনে সংবাদমাধ্যমের প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে।
গত মাসে ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জেরে মার্কিন সামরিক বাহিনীর বিখ্যাত সংবাদপত্র স্টারস অ্যান্ড স্ট্রাইপসের প্রধান সম্পাদক এরিক স্লাভিন, প্রকাশক ম্যাক্স লেডেরার এবং মধ্যপ্রাচ্য প্রতিনিধি লারা কোর্তেকে বরখাস্ত করা হয়।
নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, জয়েন্ট স্টাফের শীর্ষ কর্মকর্তাদের ওপর এভাবে পলিগ্রাফ পরীক্ষা চালানো এবং ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রমাণ করে যে, ইরান যুদ্ধের অভ্যন্তরীণ তথ্য প্রকাশ নিয়ে বর্তমানে পেন্টাগনের ভেতরে গভীর অবিশ্বাস ও উদ্বেগ বিরাজ করছে।

ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
৫ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ আগস্ট) তাঁদের বহনকারী বিমান মস্কোয় অবতরণ করে বলে রয়টার্সকে জানিয়েছেন এ সফর সম্পর্কে অবগত দুটি সূত্র..
৬ ঘণ্টা আগে