আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের বিষাক্ত রাসায়নিক হোম ডেলিভারি দিতেন, ৪০ দেশে ছিল গ্রাহক

আত্মহত্যা করতে চাওয়া লোকজনের কাছে অনলাইনে বিষাক্ত রাসায়নিক বিক্রি করতেন তিনি। গ্রাহক খুঁজতেন অনলাইনে আত্মহত্যা বিষয়ক বিভিন্ন ফোরামে। এসব ফোরামের মাধ্যমে বিশ্বের ৪০টি দেশে বিষাক্ত রাসায়নিক পদার্থ বিক্রি করতেন!
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অবশেষে অভিযুক্ত সেই কানাডীয় নাগরিক কেনেথ ল আদালতে ভুক্তভোগীদের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। নিজের কৃতকর্মের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে তিনি বলেছেন, ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবেন না।
শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার অন্টারিওর একটি আদালতে সাজা ঘোষণার পূর্ববর্তী শুনানিতে (সেন্টেন্সিং হিয়ারিং) তিনি এই ক্ষমা চান। শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বিচারকের কাছে তাঁর ২৫ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।
৬১ বছর বয়সী কেনেথ ল গত মে মাসে অন্টারিওতে ১৪ জন মানুষের আত্মহত্যায় সহায়তা করার ১৪টি অভিযোগে নিজের দোষ স্বীকার করেছিলেন। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েলসেও কয়েক ডজন মানুষের মৃত্যুর কারণ হওয়ার কথা তিনি স্বীকার করেছেন।
তবে কানাডীয় কর্তৃপক্ষের সঙ্গে হওয়া একটি সমঝোতা চুক্তির (প্লি ডিল) আওতায় তাঁর বিরুদ্ধে আনা আরও গুরুতর হত্যার অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই চুক্তির কারণে যুক্তরাজ্যে বা ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর ঘটনায় তাঁকে কোনো বিচারের মুখোমুখি হতে হবে না।
শুক্রবার অন্টারিও আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জোর দিয়ে বলেন, কেনেথ ল-এর শিকার হওয়া ব্যক্তিদের অনেকেই ছিলেন তরুণ এবং মানসিক অবসাদে ভুগছিলেন। ২০২৩ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি ইতিমধ্যেই যে সময়টা কারাগারে কাটিয়েছেন, তা বাদ দিলে রাষ্ট্রপক্ষের প্রস্তাবিত ২৫ বছরের সাজা হলে তাঁকে প্রায় ২০ বছর কারাভোগ করতে হবে।
আদালতে যুক্তি উপস্থাপনের সময় ক্রাউন অ্যাটর্নি ক্যাথলিন ডোহার্টি কেনেথ ল-কে এমন একজন ‘শিকারি’ (প্রিডেটর) হিসেবে বর্ণনা করেন, তিনি মানসিকভাবে ‘দুর্বল ও অসহায় মানুষের’ পরিস্থিতির সুযোগ নিয়েছেন।
ডোহার্টি বলেন, ‘তাঁদের প্রয়োজন ছিল সাহায্যের। কিন্তু এর পরিবর্তে তাঁরা পেয়েছেন মিস্টার ল এবং তাঁর মৃত্যুর সরঞ্জাম।’
কেনেথ ল-এর মূল উদ্দেশ্য ছিল মুনাফা—এমন দাবি করে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, ‘মানুষ টাকা দিতে পারলেই তিনি তাঁদের কাছে এটি বিক্রি করতেন। তিনি যাঁদের সাথে লেনদেন করছেন তাঁদের পরিস্থিতি বোঝার জন্য কোনো আলোচনা বা খোঁজখবর নেওয়ার প্রয়োজনও মনে করেননি।’
অন্যদিকে, কেনেথ ল-এর আইনজীবী ম্যাথিউ গুরলে রাষ্ট্রপক্ষের এসব দাবি খণ্ডন করে যুক্তি দেন, ভুক্তভোগীদের মানসিক অসুস্থতার লড়াইয়ের জন্য তাঁর মক্কেল দায়ী নন।
গুরলে বলেন, ‘এই প্রতিটি ঘটনাই আলাদা আলাদা ট্র্যাজেডি। তাঁদের সবার মধ্যে মিস্টার ল হয়তো একটি সাধারণ যোগসূত্র ছিলেন, কিন্তু যে সংগ্রাম ও কষ্টের কারণে ভুক্তভোগীরা তাঁর পণ্য খুঁজতে বাধ্য হয়েছিলেন, তার কারণ মিস্টার ল নন।’
তিনি দাবি করেন, কেনেথ ল এক ‘ভ্রান্ত বিশ্বাস’ থেকে মনে করেছিলেন যে তিনি তাঁদের সাহায্য করছেন। আসামিপক্ষের আইনজীবী আদালতের কাছে তাঁর ১২ বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।
শুনানির শেষে কেনেথ ল আদালতকে বলেন, ভুক্তভোগীদের আত্মহত্যায় সহায়তা করার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। তিনি বলেন, ‘ভুক্তভোগীদের পরিবারের উদ্দেশে বলছি, কোনো সান্ত্বনাই আপনাদের প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ করতে পারবে না। আমি আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি। আমি অনুতপ্ত। আমি দুঃখিত।’
এর আগে গত সেপ্টেম্বর মাসে আদালতে ভুক্তভোগীদের শোকাহত পরিবার ও বন্ধুরা কেনেথ ল-এর কর্মকাণ্ডের কারণে তাঁদের জীবনে নেমে আসা কষ্টের কথা তুলে ধরে আবেগঘন সাক্ষ্য দিয়েছিলেন। পরবর্তী তারিখে চূড়ান্ত সাজা ঘোষণার সময় আদালত এই বক্তব্যগুলো বিবেচনায় নেবেন।
তদন্তকারী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পেশায় সাবেক পাচক (শেফ) কেনেথ ল অনলাইনে আত্মহত্যার ফোরামে পরিচিত হওয়া ক্রেতাদের কাছে ৪০টি দেশে বিষাক্ত রাসায়নিকের প্রায় ১ হাজার ২০০টি প্যাকেট বিক্রি করেছিলেন, যার প্রায় এক-চতুর্থাংশই পাঠানো হয়েছিল যুক্তরাজ্যে।









