
পাকিস্তানের একটি আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার এই রায় দেন বিশেষ আদালত। খবর এনডিটিভির
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে। ২০২২ সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তোশাখানা-২ মামলাটি ২০২১ সালে সৌদি সরকারের কাছ থেকে এই দম্পতি যে রাষ্ট্রীয় উপহার পেয়েছিলেন, তাতে কথিত জালিয়াতির সঙ্গে সম্পর্কিত।
রাওয়ালপিন্ডির উচ্চ নিরাপত্তাসম্পন্ন আদিয়ালা কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বর্তমানে সেখানেই বন্দী।
ইমরান খান এবং বুশরা বিবিকে পাকিস্তান দণ্ডবিধির ৪০৯ ধারা (বিশ্বাসভঙ্গ) অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাঁদের প্রত্যেককে ১৬ দশমিক ৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করেছেন।
রায়ে বলা হয়েছে, ‘সাজা প্রদানের ক্ষেত্রে আদালত ইমরান আহমেদ খান নিয়াজির বার্ধক্য এবং বুশরা ইমরান খান একজন নারী হওয়ার বিষয়টি বিবেচনা করেছেন। এই দুটি কারণ বিবেচনা করেই কম সাজা প্রদানের মাধ্যমে একটি নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।’
রায়ে আরও যোগ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৩৮২-বি ধারার সুবিধা (কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে হাজতবাসের সময়কাল বিবেচনা করা) দণ্ডিতদের ক্ষেত্রে কার্যকর হবে। বিচার চলাকালে মোট ২১ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। রায় ঘোষণার সময় ইমরান খান এবং বুশরা বিবি আদালতে উপস্থিত ছিলেন।
ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় রেকর্ড করা জবানবন্দিতে ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এই মামলা ‘বিদ্বেষপূর্ণ, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’
২০২৪ সালের জুলাই মাসে মামলাটি দায়ের করা হয়। এতে অভিযোগ করা হয়, দামি ঘড়ি, হীরা এবং সোনার অলংকারসহ মূল্যবান সামগ্রী তোশাখানায় (রাষ্ট্রীয় উপহার ভান্ডার) জমা না দিয়েই এই দম্পতি বিক্রি করে দিয়েছিলেন।
অর্থ প্রতিমন্ত্রী বিলাল আজহার কায়ানি জিও নিউজকে বলেছেন, উপহারগুলো তোশাখানায় জমা দেওয়া হয়নি, যা করা তাঁদের আইনি বাধ্যবাধকতা ছিল। এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ অভিহিত করে তিনি বলেন, ‘আইনি কার্যধারায় উঠে আসা তথ্য অনুযায়ী, অলংকার সেটের প্রকৃত মূল্য ছিল ৭০ মিলিয়ন রুপি; অথচ এর মূল্যায়ন করা হয়েছিল মাত্র ৫.৮-৫.৯ মিলিয়ন রুপি।’ তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত বুশরা বিবি এবং ইমরান খান পানির দরে সেই সেটটি কেনার চেষ্টা করেছিলেন।’
তোশাখানা হলো ক্যাবিনেট ডিভিশনের অধীনে একটি বিভাগ, যেখানে অন্য দেশের রাষ্ট্রপ্রধান এবং বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে শাসক ও সরকারি কর্মকর্তাদের পাওয়া উপহার জমা রাখা হয়। নিয়ম অনুযায়ী, একবার জমা দেওয়ার পর নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সেই উপহারগুলো পুনরায় কেনা সম্ভব।
২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবিকে এই মামলায় জামিন দেন এবং এক মাস পর ইমরান খানকেও একই মামলায় জামিন দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। ইতিমধ্যে আদিয়ালা কারাগারে বিচারপ্রক্রিয়া চলতে থাকে, যেখানে ইমরান ও তাঁর স্ত্রী আল-কাদির ট্রাস্ট মামলায় চলতি বছরের শুরুর দিকে দণ্ডিত হওয়ার পর থেকেই বন্দী ছিলেন। উভয় দণ্ডিত ব্যক্তি এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন।
২০২৩ সালের আগস্ট থেকে একাধিক মামলায় কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর এক মাসের বেশি সময় ধরে অঘোষিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাঁর সঙ্গে শেষ সাক্ষাৎ হয়েছিল ২ ডিসেম্বর, যখন তাঁর বোন উজমা খানকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে আদিয়ালা জেল কর্তৃপক্ষ দাবি করেছে, ক্রিকেট তারকা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খান ‘সুস্থ’ আছেন।
গত সপ্তাহে নির্যাতনের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস জিল এডওয়ার্ডস কারাগারে ইমরান খানের ‘অমানবিক ও মর্যাদাহানিকর আটকের অবস্থার’ প্রতিবেদনগুলো খতিয়ে দেখতে পাকিস্তান সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইমরান খানের নির্জন কারাবাস অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এটি কেবল একটি বেআইনি ব্যবস্থাই নয়, দীর্ঘায়িত বিচ্ছিন্নতা তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে।’
প্রতিবেদন অনুসারে ইমরান খানকে বাইরের কোনো কার্যক্রম বা অন্য বন্দীদের সঙ্গে মেলামেশার অনুমতি দেওয়া হচ্ছে না এবং তিনি জামাতে নামাজেও অংশ নিতে পারছেন না। আইনজীবী, পরিবারের সদস্য এবং আদালতের অনুমতিপ্রাপ্ত অন্যদের সঙ্গে সাক্ষাতেও প্রায়ই বাধা দেওয়া হচ্ছে বা সময়ের আগেই শেষ করে দেওয়া হচ্ছে।
ইমরান খান ২০১৮ সালের আগস্ট থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের ১৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ ভেঙে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজের ওপর তারা হামলা চালিয়েছে। স্থানীয় সময় গতকাল মার্কিন বাহিনী এই হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার উদ্ধারকর্মী, সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকেরা ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন ও অফিস ভবনের ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছেন। দেশটিতে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৪১ জন নিহত হয়েছে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, হরমুজ প্রণালি পরিচালনা ও জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের আলোচনা ‘অগ্রসর পর্যায়ে’ রয়েছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে ভারত যাওয়ার পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
১১ ঘণ্টা আগে