
ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানিয়েছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। তারা স্পষ্ট করে বলেছেন, প্রয়োজনে জেরুজালেম এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইসরায়েলের নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও উৎপাদন অবকাঠামো ভেঙে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার কথা গত কয়েক সপ্তাহে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। এসব আলোচনায় সামরিক কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার সম্ভাব্য সামরিক কৌশল তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্রে হামলার পরিকল্পনাও রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, ‘আমরা আমেরিকানদের জানিয়েছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরান যদি আমাদের নির্ধারিত চূড়ান্ত সীমা অতিক্রম করে, তাহলে আমরা একাই হামলা চালাব।’ তবে তিনি যোগ করেন, এখনো ইরান সেই সীমা অতিক্রম করেনি। তবু ইরানের ভেতরের পরিস্থিতি ইসরায়েল নিয়মিত নজরে রাখছে।
ইসরায়েলি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, তারা স্বাধীনভাবে পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। তারা কোনোভাবেই ইরানকে এমন মাত্রায় কৌশলগত অস্ত্র পুনর্গঠনের সুযোগ দেবে না, যা ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।
এক প্রতিরক্ষা কর্মকর্তা বর্তমান পরিস্থিতিকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, এই সময় ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোয় বড় ধরনের আঘাত হানা সম্ভব। এতে ইসরায়েল ও আশপাশের দেশগুলোর জন্য থাকা সক্রিয় হুমকিগুলোও নিষ্ক্রিয় করা যাবে। সাম্প্রতিক আলোচনায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত আরও কয়েকটি স্থাপনায় হামলার পরিকল্পনাও উপস্থাপন করেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
এর মধ্যেই ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমিত পরিসরের হামলার কৌশল বেছে নিতে পারেন। এটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানের মতো হতে পারে। তাদের ভয়, এতে ইরানের গুরুত্বপূর্ণ সক্ষমতাগুলো অক্ষত থেকে যাবে।
আরেক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, ‘আমাদের দুশ্চিন্তা হলো, তিনি হয়তো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে সাফল্য ঘোষণা করবেন। এরপর এর পরিণতি সামলাতে ইসরায়েলকে একা থাকতে হবে। ঠিক যেমনটা হুতিদের ক্ষেত্রে হয়েছিল।’ তিনি বলেন, আংশিক ব্যবস্থা নিলে মূল হুমকি দূর হবে না।
এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভেতরে সিদ্ধান্ত হয়েছে, বিমান বাহিনীর আসন্ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমের তিশলার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে যাবেন। বর্তমানে ওয়াশিংটনে ইসরায়েলের কোনো প্রতিরক্ষা অ্যাটাশে নেই। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ওই পদে সেনাবাহিনীর মনোনীত প্রার্থীর অনুমোদন না দেওয়ায় এই পদটি শূন্য রয়েছে। সে কারণে তিশলার সেখানে আইডিএফের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের প্রতিনিধিত্ব করবেন।

আন্তর্জাতিক শিশু যৌনপাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দীর্ঘ দুই বছর ধরে পলাতক বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (এফবিআই)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাঁকে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে।
১৩ মিনিট আগে
ভারতের আসাম রাজ্যের কার্বি আংলং জেলায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির বিমানবাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৬ মিনিট আগে
বিশ্ব জ্বালানি বাজারের টানাপোড়েনের মাঝেই ভারতের জন্য সাময়িক স্বস্তির খবর। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা দিয়েছেন, ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনার জন্য ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে ভারতের প্রবেশাধিকার সাময়িকভাবে বাড়ল।
৩৬ মিনিট আগে
ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। যদিও মধ্যপ্রাচ্যজুড়ে মিত্রদেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরানের শাসকগোষ্ঠী।
১ ঘণ্টা আগে