Ajker Patrika

ইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের ‘অত তাড়া নেই’

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৩: ২০
ইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের ‘অত তাড়া নেই’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এপি

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েক দিনব্যাপী যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন তিনি। তবে ইরানে হামলার বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না ট্রাম্প। বছরের শুরুতে পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় এবং প্রস্তুতি চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মন্ত্রিসভার শীর্ষ সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে অভিযান অনিবার্য।’ চ্যানেলটি সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এবং মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মধ্যে হামলার পরিকল্পনা তৈরি ও অনুমোদন করা হয়েছে। এখন শুধু হামলার সময় নির্ধারণ বাকি। দুই দেশের সামরিক বাহিনী ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আইডিএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

তবে নেতানিয়াহুর নতুন করে যুদ্ধ শুরুর উদ্যোগ নিয়ে সন্দেহ রয়েছে মার্কিন কর্মকর্তাদের। চ্যানেল ১২ জানিয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ এক মার্কিন কর্মকর্তা মনে করেন, নেতানিয়াহুর এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতায় টিকে থাকতেই তিনি যুদ্ধের উদ্যোগ নিচ্ছেন বলে ওই কর্মকর্তার ধারণা।

এদিকে, গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে—ইরানে হামলার সম্ভাবনাকে গত সপ্তাহে ‘খুবই কম’ বললেও ট্রাম্প দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন পরিকল্পনা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোকে এসব পরিকল্পনার বিপরীতে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর ইরানের বড় ধরনের হামলার ঝুঁকি ছাড়াই কোনো অভিযান চালানো সম্ভব কি না, তা জানতে চেয়েছে হোয়াইট হাউস।

বৃহস্পতিবার অ্যাক্সিওস ও চ্যানেল ১২-কে ট্রাম্প বলেন, ‘আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য তাড়াহুড়ো করছি না। বছরের শুরুতে কী ঘটে, তা আমরা দেখব।’ বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারেও একই অবস্থান জানান তিনি। তবে সেখানে দাবি করেন, ইরান জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। অ্যাক্সিওস উল্লেখ করেছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর এক দিন আগেও ট্রাম্প সিদ্ধান্তহীনতার কথা বলেছিলেন, যদিও ততক্ষণে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি।

হামলার প্রস্তুতি নিয়েও পিছু হটেছেন ট্রাম্প

চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক সপ্তাহে ইরানে মার্কিন হামলার প্রস্তুতি কয়েকবার নেওয়া হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন ট্রাম্প। প্রতিবার ইসরায়েলি সামরিক বাহিনী সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত হয়েছিল। তবে কতবার ট্রাম্প হামলার নির্দেশ দেওয়া থেকে সরে এসেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রতিবেদনটি ইসরায়েলের সামরিক সেন্সর কর্তৃপক্ষের অনুমোদন পেলেও এর সূত্রের নাম প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, সামরিক অভিযানের সম্ভাবনা বাড়ছে, তবে ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ইসরায়েল। চ্যানেল ১২-এর বরাতে আরও জানা গেছে, গত সপ্তাহে মোসাদপ্রধান রোমান গফম্যানের ওয়াশিংটন সফরের পর হামলার বিষয়ে ট্রাম্পের মনোভাব কিছুটা ইতিবাচক হয়। পশ্চিমা কর্মকর্তাদের দাবি, ওই সফরে গফম্যান ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতি নিয়ে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন এবং তেহরান রাসায়নিক ও জৈবিক অস্ত্র তৈরি করছে বলে সতর্ক করেন। তবে ইরান রাসায়নিক অস্ত্র তৈরিতে কতটা অগ্রসর হয়েছে, তা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

এর আগে বুধবার সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এতে মোসাদপ্রধান গফম্যানও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কুপার সৌদি আরব যান উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য। চ্যানেল ১২ জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণকারীদের গোপনীয়তা রক্ষার নির্দেশনা দেওয়া হয়। সংবাদমাধ্যমটি এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে আগের হামলাগুলোর প্রস্তুতির সঙ্গে তুলনা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত