Ajker Patrika

নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৩
নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ ৪ লাখ ৭০ হাজার ডলার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

২০১৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীদের চুল সাজানো, মেকআপ এবং সরকারি প্রতিনিধিত্বসংক্রান্ত খাতে প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৭৯ লাখ ১৭ হাজার ৪৮৯ টাকা) ব্যয় হয়েছে ইসরায়েল সরকারের। ২০২৫ সালের ডিসেম্বরে আইনজীবী ইয়ারা উইঙ্কলার-শালিত তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এসব তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চুল সাজানো ও মেকআপের মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারার সময়ে। একাধিক নথিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হেয়ারস্টাইলিস্ট ও মেকআপ শিল্পীদের নামসহ কিছু নির্দিষ্ট তথ্য ‘রাষ্ট্রীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে গোপন রাখা হয়েছে।

প্রকাশিত তথ্যে মাসভিত্তিক ব্যয়ের হিসাবও রয়েছে। ২০২৩ সালের শেষ দিকে যুদ্ধ শুরুর সময়ের আশপাশের সময়ের ব্যয়ের তথ্যও এতে তুলে ধরা হয়েছে। দেখা গেছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর চুল সাজাতে প্রায় ২ হাজার ৬০০ ডলার এবং মেকআপের জন্য ১ হাজার ৫৮০ ডলার সরকারি অর্থ ব্যয় করা হয়।

নথি অনুযায়ী, শুধু ২০২৩ সালের অক্টোবর মাসেই প্রধানমন্ত্রীর চুল সাজানোর জন্য ৮১০ ডলার খরচ করা হয়।

প্রধানমন্ত্রী পরিবর্তনের সঙ্গে মোট ব্যয়ের পরিমাণেও বড় পার্থক্য দেখা গেছে। ২০২৩ সালে মোট খরচ ছিল প্রায় ১ লাখ ৩ হাজার ডলার। এর আগের বছর ২০২২ সালে নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের সময়ে এই খাতে ব্যয় হয়েছিল মাত্র ২৭ হাজার ৬০০ ডলার।

২০২৫ সালে ব্যয় সর্বোচ্চ

২০২৫ সালে এই ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ বছরে প্রায় ১ লাখ ১১ হাজার ডলার ব্যয় হয় এই খাতে। এর বড় একটি অংশ ব্যয় হয়েছে বিদেশ সফরের সময়। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে মেকআপ ও চুল সাজানোর জন্য খরচ হয় ১৩ হাজার ৫০০ ডলার। আর ২০২৪ সালের জুলাইয়ে ওয়াশিংটন সফরে এ খাতে খরচ হয় ১১ হাজার ৫০০ ডলার।

এ ছাড়া পোশাক ও অতিথি আপ্যায়নের খরচসহ সরকারি প্রতিনিধিত্বসংক্রান্ত ভাতার আলাদা হিসাবও দেওয়া হয়েছে। নেতাভেদে এ খাতে ব্যয় ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য ১ লাখ ৩৪ হাজার ডলার, নাফতালি বেনেটের জন্য ১৯ হাজার ডলার এবং ইয়ার লাপিদের জন্য ২ হাজার ৬০০ ডলার।

তবে তথ্য অধিকার আন্দোলনের পক্ষ থেকে করা অনুরোধ সত্ত্বেও গয়না, পোশাক কিংবা ব্যক্তিগত ভাবমূর্তি পরামর্শ বা ‘ইমেজ কনসাল্টিং’ বাবদ ব্যয়ের তথ্য প্রকাশ করেনি সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত