
গাজায় চলমান যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই আরও কঠিন হয়ে উঠেছে। ব্যাংকগুলো দীর্ঘদিন বন্ধ, স্থানীয় বাজারে ডিজিটাল লেনদেনও প্রায় অগ্রহণযোগ্য। গাজার বাসিন্দাদের তাই নিজেদের নগদ অর্থ হাতে পেতে নির্ভর করতে হচ্ছে একধরনের অপ্রাতিষ্ঠানিক ও ক্রমশ শোষণমূলক অর্থ বেচাকেনার ওপর। এই বেচাকেনায় কমিশনের হার ৫৫ শতাংশ পর্যন্তও পৌঁছে গেছে!
যুদ্ধের মধ্যে জাবালিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে এখন গাজা শহরের আল নাসর এলাকায় আছেন ৪২ বছরের কামেল আবু হাজা। তিনি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ আমাকে প্রতি মাসে ২ হাজার ৮০০ শেকেল দেয়। কিন্তু নগদ তুলতে গিয়ে হাতে আসে মাত্র ১ হাজার ৩৫০ শেকেল। বাকিটা চলে যায় নগদ কারবারিদের পকেটে।’
হাজা জানান, তিনি পুরো টাকাটাও যদি পেতেন, তারপরও তাঁর চলত না। কারণ, ময়দার কেজি এখন ৩০ শেকেল, আর চিনি ২০০।
এ বিষয়ে আজ শুক্রবার (৮ আগস্ট) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে মোটা অঙ্কের নগদ হাতে থাকা ব্যবসায়ীরা এখন অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করছেন। ব্যাংক বন্ধ থাকায় বিপুল অঙ্কের টাকা মজুত রাখার ঝুঁকি এড়াতে তাঁরা একাধিক মধ্যস্বত্বভোগী কারবারির মাধ্যমে নগদ বিক্রি করছেন। এই টাকা কয়েক ধাপ পাড়ি দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে অস্বাভাবিক দামে। এ ক্ষেত্রে সাধারণ ক্রেতারা প্রথমে কারবারির অ্যাকাউন্টে ইলেকট্রনিকভাবে টাকা পাঠান, পরে নগদ হাতে পান—তাও অনেক কাটছাঁটের পর।
গাজায় নগদ অর্থের এক ক্ষুদ্র কারবারি জানান, বড় সরবরাহকারীদের কারণেই এভাবে অস্বাভাবিকভাবে দাম বেড়ে যায়। তিনি বলেন, ‘আমরা হয়তো ৬-১০ শতাংশ নেই বাঁচার জন্য। কিন্তু যারা ওপরে আছে, তারা নেয় ৪৫ শতাংশ, কখনো তারও বেশি। আজ আমি ৪৩ শতাংশ কমিশনে নগদ কিনে ৫২ শতাংশে বিক্রি করেছি, তা না হলে চলেই না।’
ক্রেতাদের মধ্যে ৩৫ বছরের মোয়ামেন আল ঘারবাওয়ি জানান, তাঁর বিদেশে থাকা ভাইরা প্রতি মাসে ৭০০ ডলার পাঠান। কিন্তু কমিশনের কারণে সেটি নগদে তুলতে পারছেন না। গত মাসে কমিশন ছিল ৩৮ শতাংশ, এ সপ্তাহে তা বেড়ে ৫৫ শতাংশ। অর্ধেকের বেশি টাকা কমিশনেই চলে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা আটজনের পরিবার। খাবার নেই, বৃদ্ধ বাবা-মায়ের জন্য বিশেষ খাবার কিনতে পারি না।’
গাজার আইনি গবেষক ও সমাজকর্মী আবদুল্লাহ শরশারা এই প্রক্রিয়াকে অবৈধ ও অনৈতিক বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি ব্যাংক অ্যাকাউন্টের চুক্তিভঙ্গ এবং ফিলিস্তিনি আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি অবিলম্বে ফিলিস্তিনি মুদ্রা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন—যেমন সংশ্লিষ্টদের অ্যাকাউন্ট জব্দ, ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু ও সংগঠিত করা।
বাসিন্দা ও বিশেষজ্ঞেরাও একমত—এই পরিস্থিতি শুধু ব্যাংকিং ব্যবস্থার ভাঙন থেকে নয়, বরং সুযোগসন্ধানীদের হাতে তা এখন শোষণের হাতিয়ার। আবু হাজা বলেন, মানুষ মরিয়া হয়ে যেকোনো হার মেনে নিচ্ছে শুধু খাবার জোগাড়ের জন্য। কিন্তু প্রতিদিন হার বাড়ছে। জবাবদিহি নেই কারও।

দ্বীপগুলো নিয়ে একটি বড় রাজনৈতিক জটিলতাও রয়েছে। ১৯৭১ সাল থেকে এই দ্বীপগুলো ইরানের দখলে থাকলেও সংযুক্ত আরব আমিরাত এগুলোকে নিজেদের বলে দাবি করে আসছে। ভবিষ্যতে এসব দ্বীপ কার নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে নতুন করে বিরোধ দেখা দিতে পারে।
৩২ মিনিট আগে
ঘটনার সূত্রপাত হয় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। বুধবার হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্ত্রীদের নিয়ে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মেলানিয়া ট্রাম্প ‘ফিগার ০৩’ নামের একটি হিউম্যানয়েড বা মানবী সদৃশ রোবটের সঙ্গে হাঁটেন।
১ ঘণ্টা আগে
হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিরা হলেন—ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাঈদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ—অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধ।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার (২৮ মার্চ) কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি।
৩ ঘণ্টা আগে