Ajker Patrika

এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম

আজকের পত্রিকা ডেস্ক­
এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে প্রয়োজনে দেশটি বাকি অংশও ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এমন হুমকির মধ্যেই ইরানে সম্ভাব্য বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে এ বিষয়ে এখনো ওয়াশিংটনের কাছ থেকে নতুন কোনো নির্দেশনা পায়নি মার্কিন সামরিক কমান্ডটি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ‘অনুমোদন’ ছাড়া ইরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবে না। ইরানের আলোচকেরা পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে নতুন একটি চুক্তির প্রস্তাব পর্যালোচনা করছেন বলে প্রকাশিত খবরের বিষয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না। তারা কী পর্যালোচনা করছে, তাতে কোনো ফারাক পড়ে না। তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী সিদ্ধান্তের ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ‘এখন আমরা ইরানকে নিয়ে সিদ্ধান্ত নেব। আমরা কি আরও এগিয়ে যেতে চাই এবং বিষয়টি নিশ্চিত করতে চাই, যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে? সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। খুব শিগগিরই আপনারা জানতে পারবেন।’

এদিকে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করা হবে কি না, তা নিয়ে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিজের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কর্মকর্তারা আরও জানান, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকবে। ফলে ওই সময়ে চাঁদের আলো খুব কম থাকবে, এমনকি একেবারেই নাও থাকতে পারে। সামরিক অভিযান পরিচালনার জন্য এ ধরনের পরিস্থিতি অনুকূল হওয়ায় ওই সময়কে ঘিরে সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প যুদ্ধ পুনরায় শুরু করার বিষয়ে ওয়াশিংটনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়েছে কি না এবং ভবিষ্যতে যাতে দেশটি আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র আরও হামলা চালাবে কি না, সেটিই এখন বিবেচনার বিষয়।

এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা সামনে রেখে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে অভিযান শুরুর বিষয়ে ওয়াশিংটন থেকে এখনো নতুন কোনো নির্দেশনা পায়নি কমান্ডটি।

অন্য দিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযান নিয়ে আঞ্চলিক উদ্বেগের মধ্যে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ওই আলাপে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সামরিক হামলা চালানোর জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া যাবে না।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য ইরাকের ভূখণ্ডকে কোনোভাবেই ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে তাঁর দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর ঘাঁটি বা উৎক্ষেপণস্থল হিসেবে ইরাকের ভূখণ্ড ব্যবহারের বিরোধিতা করে বাগদাদ। রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের নীতিতে ইরাক অটল রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত