Ajker Patrika

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যে শর্তে যুদ্ধবিরতি হলো, পাকিস্তানে সরাসরি আলোচনা শুক্রবার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮: ২৪
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যে শর্তে যুদ্ধবিরতি হলো, পাকিস্তানে সরাসরি আলোচনা শুক্রবার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। ইরানের ওপর পূর্বঘোষিত ‘বিধ্বংসী হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সাময়িক যুদ্ধবিরতি যাতে স্থায়ী এবং বিস্তৃত রূপ নেয়, তা নিশ্চিতে আগামী শুক্রবার পক্ষগুলোর মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, তবে এই স্থগিতাদেশ নিঃশর্ত নয়। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে। এই শর্ত পূরণ হলেই কেবল দুই সপ্তাহের ‘উভয়মুখী যুদ্ধবিরতি’ কার্যকর থাকবে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া একটি শেষ মুহূর্তের কূটনৈতিক প্রস্তাব এবং ইরানের পক্ষ থেকে প্রাপ্ত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতেই এই সমঝোতার পথ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষায়, ‘এসব প্রস্তাব ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে।’

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিতে ‘লেবানন এবং অন্যান্য অঞ্চল’ও অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লিখেন, ‘আমি এই বিচক্ষণ পদক্ষেপকে উষ্ণ স্বাগত জানাই এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমস্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও আলোচনার জন্য আমি তাদের প্রতিনিধিদলকে আগামী শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ তারিখে ইসলামাবাদে আমন্ত্রণ জানাচ্ছি।‘

তিনি জোর দিয়ে বলেন, উভয় পক্ষই ‘অসাধারণ প্রজ্ঞা ও দূরদর্শিতা’ প্রদর্শন করেছে এবং এই উচ্চপর্যায়ের মধ্যস্থতা প্রক্রিয়ায় শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যকে এগিয়ে নিতে গঠনমূলকভাবে সম্পৃক্ত রয়েছে।

শাহবাজ শরিফ আরও বলেন, ‘আমরা আন্তরিকভাবে আশা করি যে “ইসলামাবাদ আলোচনা” টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং আগামী দিনগুলোতে আমরা আরও সুসংবাদ শেয়ার করতে পারব।’

এদিকে, ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলও ইরানের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধবিরতি কার্যকর হবে। যদিও এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ভেতরেও হামলা বন্ধের স্পষ্ট নির্দেশ জারি হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত