
একদিকে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে।
প্রতিবেদনে আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্রের বরাতে বলা হয়, রোববার গাজা শহরের পশ্চিমে আল-সৌসি টাওয়ারের একটি আবাসিক ভবনে বিমান হামলায় নিহত হন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ২৯ বছর বয়সী আবির আনান এবং তাঁদের পাঁচ বছর বয়সী ছেলে আযযাম।
অন্যদিকে নাসের হাসপাতালের চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমের আল-কারারা এলাকার একটি বাসায় হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন মাহমুদ (৩৮), তাঁর স্ত্রী ফাতেমা (৩৭) এবং তাঁদের শিশুকন্যা। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
চিকিৎসকেরা আরও জানিয়েছেন, এ ছাড়া গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর কাছে নিজ বাড়িতে হামলায় কামু আবু মুয়ালিক নামে ৬৮ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ৫৯ বছর বয়সী স্ত্রী হুদা নিহত হয়েছেন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাইও নিহত হন।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
একই দিনে গাজা সিটির পশ্চিমাঞ্চলের রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। একই সময়ে গাজা সিটিতে একটি গাড়িতে হামলায় আরও চারজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ভোর থেকে শুরু হওয়া এসব ইসরায়েলি হামলায় সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এক দিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
শনিবার দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালসংলগ্ন ওষুধের গুদামেও হামলা চালায় ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও দুটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, চিকিৎসাসামগ্রী ধ্বংসের মাধ্যমে ‘ওষুধ এবং রোগ—উভয়কেই যুদ্ধের অস্ত্রে পরিণত করা হচ্ছে।’
কোনো সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বেশির ভাগ লক্ষ্যবস্তু ছিল আবাসিক ভবন, অ্যাপার্টমেন্ট এবং সাধারণ মানুষের জটলা। এসব স্থানে হামাস বা অন্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের উপস্থিতি থাকায় এগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু বলে দাবি করে ইসরায়েল।
এর আগে শনিবার গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হন। এর আগের দিন শুক্রবারও পৃথক হামলায় একাধিক মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে ওয়াশিংটনের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অধীনে গঠিত তদারকি সংস্থা বোর্ড অব পিস এবং ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স–এর পক্ষ থেকে এবং প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার গাজার যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়নের বিষয়ে একটি সমঝোতার ঘোষণা দেওয়া হয়। বোর্ড অব পিস জানায়, হামাস এ বিষয়ে একটি বিস্তারিত রোডম্যাপ গ্রহণ করেছে। তবে এ প্রস্তাব নিয়ে ইসরায়েল এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্যে পেট্রলপাম্প থেকে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা) মূল্যের তেল চুরি করছেন চালকেরা। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার পর এ প্রবণতা দেখা দিয়েছে বলে শিল্পসংশ্লিষ্ট এক বিশ্লেষণে উঠে এসেছে।
১২ মিনিট আগে
ইরানের সঙ্গে সোমবার নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যে ‘বড় ধরনের’ হামলার পরিকল্পনা করা হয়েছিল, তা তিনি স্থগিত করেছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, অন্তত ২৫০ আরোহী নিয়ে পূর্ব জাভার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ...
৩ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় গত কয়েক দিনে অভিবাসীদের ব্যাপক ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা আজ রোববার এ তথ্য জানিয়েছেন। এর আগে মরক্কো থেকে গত কয়েক দিনে প্রায় ৬০ হাজার মানুষ সাঁতরে বা সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ...
১৪ ঘণ্টা আগে