
ইরানের সঙ্গে সোমবার নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যে ‘বড় ধরনের’ হামলার পরিকল্পনা করা হয়েছিল, তা তিনি স্থগিত করেছেন।
রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হামলার ব্যাপকতা সম্পর্কে তাদের ধারণা ছিল, কারণ তারা দেখেছিল যে প্রস্তুতি চলছিল। আমরা আলোচনার মাধ্যমেই তাদের সঙ্গে কথা বলছি। আগামীকাল বিকেল থেকে তা শুরু হবে।’
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, একটি চুক্তির ‘রূপরেখা’ বা মৌলিক কাঠামো তৈরিতে রাজি হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাঁকে হামলা থেকে ‘বিরত থাকতে’ অনুরোধ করেছে।
ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে ইরান অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে আসছেন, আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান খুবই কাছাকাছি। তবে প্রতিবারই এরপর উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তেহরানের সঙ্গে চুক্তি সম্পন্নের কোনো সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘দেখা যাক কী হয়। আমরা যখন চাই, তখনই প্রস্তুত...আমি মানুষ হত্যা করতে চাই না।’
ট্রাম্প আরও বলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের অংশীদার দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাঁকে সপ্তাহান্তে ইরানের ওপর হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম। তারা হামলা না করতে বলেছে, কারণ তাদের ধারণা, একটি চুক্তি হতে যাচ্ছে। হরমুজ নিয়ে একটি চুক্তি হবে এবং পারমাণবিক ইস্যুতেও একটি চুক্তি হবে।’
সোমবারের আলোচনাটি কোথায় হবে কিংবা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি ট্রাম্প।
এয়ার ফোর্স ওয়ানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, পরিকল্পিত হামলাটি হলে সেটি ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা’ হতো এবং এতে কয়েক মাস ধরে চলা যুদ্ধের আলোচনার মাধ্যমে অবসানের সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারত।
ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা করেছিলেন কি না এ প্রশ্নেরও জবাব দেননি ট্রাম্প। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, এমন হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
এর আগে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবন আল-রেজা বলেন, প্রতিপক্ষের প্রতিটি হুমকিকেই তেহরান ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ হিসেবে বিবেচনা করে, তা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হলেও।
তিনি বলেন, ‘আমরা কখনো অপ্রস্তুত অবস্থায় ধরা পড়ব না, আবার নিষ্ক্রিয়ও থাকব না।’
এর আগেও ট্রাম্প তেহরানের উদ্দেশে ভয়াবহ পরিণতির সতর্কবার্তা দিয়েছেন। তবে পরে আবার তিনি বলেছেন, কূটনীতিকে সুযোগ দেওয়া হচ্ছে।
এদিকে ট্রাম্পের এ ঘোষণার পর সোমবার এশিয়ার লেনদেনে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৯৮ ডলার (৬২ দশমিক ২৬ পাউন্ড)। আর যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশ কমে হয়েছে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৭৪ ডলার (৫৯ দশমিক ৮৫ পাউন্ড)।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় জ্বালানির দামে ওঠানামা করছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ সাধারণত হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

একদিকে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ১৯...
১৯ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৪১ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, অন্তত ২৫০ আরোহী নিয়ে পূর্ব জাভার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ...
২ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় গত কয়েক দিনে অভিবাসীদের ব্যাপক ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্মকর্তারা আজ রোববার এ তথ্য জানিয়েছেন। এর আগে মরক্কো থেকে গত কয়েক দিনে প্রায় ৬০ হাজার মানুষ সাঁতরে বা সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ...
১৩ ঘণ্টা আগে
গ্রিসের রাজধানী এথেন্সে স্যুটকেসের ভেতর থেকে এক ব্রিটিশ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় ২৬ বছর বয়সী এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ওই যুবক হত্যার কথা স্বীকার করেছেন।
১৩ ঘণ্টা আগে