
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, নতুন একেকটি রিয়াল নোট বর্তমান ১০ হাজার রিয়ালের সমান হবে। গতকাল রোববার সংসদের অর্থনৈতিক কমিটির প্রধান জানান, প্রতিটি নতুন রিয়াল ১০০ কিরানে বিভক্ত থাকবে।
সোমবার (৪ আগস্ট) ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের ব্যাংকিং ব্যবস্থা এখনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক আর্থিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকার কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর সঙ্গে দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে ব্যাপক জনদুর্ভোগ ও বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে রিয়াল তার মূল্যমানের ৯০ শতাংশের বেশি হারিয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রা থেকে শূন্য বাদ দেওয়ার কিছু মনস্তাত্ত্বিক ও হিসাবনিকাশ সংক্রান্ত সুবিধা থাকলেও এটি ইরানের গভীর অর্থনৈতিক সমস্যার প্রকৃত সমাধান নয়। সোমবার ইরান ইন্টারন্যাশনালকে অর্থনীতিবিদ আহমাদ আলাভি বলেন, ‘এই নীতিটি মূলত এক ধরনের চমকপ্রদ পদক্ষেপ। এর ফলে কিছু শূন্য মুছে ফেলা হয়, যা মানুষের মধ্যে এক ধরনের মানসিক প্রভাব ফেলে, যেন টাকার মূল্য বেড়েছে। হিসাব-নিকাশ করাও সহজ হয়।’
তিনি আরও বলেন, ‘মুদ্রায় অতিরিক্ত শূন্য থাকা আসলে কাঠামোগত মুদ্রাস্ফীতির লক্ষণ, যা গভীর অর্থনৈতিক দুর্বলতা, নীতিগত ব্যর্থতা, পদ্ধতিগত সীমাবদ্ধতা এবং এক ধরনের দুর্নীতিগ্রস্ত, রেন্ট-নির্ভর অর্থনীতির ফল।’
সাম্প্রতিক বছরগুলোতে ইরানে সরকারিভাবে ঘোষিত মুদ্রাস্ফীতির হার কখনোই ৩০ শতাংশের নিচে নামেনি। ট্রেডিং ইকোনমিকস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মে থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়ের মধ্যে ইরানের সর্বনিম্ন মুদ্রাস্ফীতি ছিল ৩১ শতাংশ (মে ২০২৪), আর সর্বোচ্চ ৩৮.৯ শতাংশ (এপ্রিল ২০২৫)।
আলাভি বলেন, ‘মূল সমস্যা হচ্ছে কাঠামো। ইরানের অর্থনীতি ও শাসনব্যবস্থার মৌলিক সংস্কার করতে হবে, যাতে মুদ্রার স্থিতিশীলতা ও কম মুদ্রাস্ফীতি নিশ্চিত করা যায়। যদি বর্তমান কাঠামো বহাল থাকে, তাহলে সমস্যা থেকেই যাবে—আর রিয়ালের মূল্যমান অন্য মুদ্রার বিপরীতে আরও কমতে থাকবে।’
এই বিলটি এখনো চূড়ান্ত সংসদীয় অনুমোদন পায়নি। এটি পাস হলে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং তারপর আইনে পরিণত হবে।

চীন প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) বিরল পরীক্ষা চালিয়েছে। এ ঘটনাকে ঘিরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সমালোচনা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
৩৩ মিনিট আগে
গাজা উপত্যকায় কার্যত সরকারের দায়িত্ব পালন করা নিজেদের প্রশাসনিক কমিটি বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছে হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য কমাতে আগামী দুই দিনের মধ্যে মিসরের রাজধানী কায়রোতে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত...
২ ঘণ্টা আগে
ইউরোপজুড়ে টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে চীনের গৃহস্থালি যন্ত্রপাতি নির্মাতা কোম্পানি মিডিয়ার একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার (এসি) ব্যাপক চাহিদা তৈরি করেছে। গ্রীষ্মের মৌসুমে ইউরোপের সবচেয়ে দুর্লভ পণ্যগুলোর একটিতে পরিণত হওয়া এই এসি বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেডি ভ্যান্স দাবি করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনো ‘শক্তিশালী মিত্র’ নেই।
৩ ঘণ্টা আগে