বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। গত তিন দিনের মধ্যে এটি ছিল দেশটিতে দ্বিতীয় হামলা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠায়। বাহরাইনের সামরিক বাহিনীর দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলো লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেয়।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গত শুক্রবারের ব্যর্থ ড্রোন হামলার পর রোববার আবার একইভাবে হামলা চালায় তেহরান। গত সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোর ওপর এটি ইরানের প্রথম কোনো হামলা।
বিশ্বের প্রায় পাঁচ ভাগের এক ভাগ গ্যাস ও তেল পরিবহনকারী হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান সামরিক উত্তেজনা এখনো জারি রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি পরিবহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বহুজাতিক তেল পরিবহন নিরাপদ রাখতে মার্কিন নৌবাহিনী কাজ করলেও ইরান প্রণালিটিকে সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে, আর মার্কিন বাহিনীর যেকোনো আগ্রাসনের আরও কঠোর ও ভয়াবহ জবাব দেওয়া হবে।
এদিকে গত সপ্তাহে ইরানের কেশম দ্বীপে সীমিত প্রতিরক্ষামূলক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামরার পর আইআরজিসি দাবি করে, তারা ওই এলাকায় দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।
চলতি বছরের জুনে যুদ্ধ বিরতি ও হরমুজ খোলার প্রাথমিক চুক্তি হলেও কয়েক সপ্তাহের মধ্যে তা ভেস্তে যায়। সম্প্রতি ইরানের পক্ষ থেকে মার্কিন অবরোধ তোলাসহ সাত শর্তে হরমুজ চালুর একটি প্রস্তাব এলেও, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আর কোনো আলোচনা না করার অবস্থান নিয়েছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে আলোচনা থেকে সরিয়ে নিয়ে কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন।










