ইরানে যৌন সম্পর্কের মাধ্যমে এইচআইভি ভাইরাস সংক্রমণের হার দ্বিগুণের বেশি বেড়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় একটি গবেষণা সংস্থা। এমন পরিস্থিতির জন্য গর্ভনিরোধে ইরানের কঠোর বাধা প্রদানের নীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে ইরানের এইডস গবেষণা কেন্দ্রের প্রধান লাদান আব্বাসিয়ান গত শনিবার তাসনিম বার্তা সংস্থাকে বলেছেন, ‘যৌন সম্পর্কের মাধ্যমে এইচআইভি সংক্রমণ বেড়েছে। পরীক্ষায় ২৪ হাজার ৭৬০ জনের মধ্যে ২৮ শতাংশই এই পথে ভাইরাসে আক্রান্ত।’
লাদান জানান, ২০২৪ সালের মার্চ থেকে শুরু হওয়া ইরানি ক্যালেন্ডারের প্রথম ছয় মাসে এই হার ৬৫ শতাংশে উন্নীত হয়েছে। সংক্রমণের ধরনে এটিকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করেন তিনি।
এ বিষয়ে এক প্রতিবেদনে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানের নারীদের মধ্যেও এইচআইভি সংক্রমণের হার বেড়েছে। দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ১৯ শতাংশ ছিলেন নারী। চলতি বছরের মার্চ থেকে আগস্টের মধ্যে নারীদের এইচআইভি আক্রান্তের হার ৩২ শতাংশ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এইচআইভি শনাক্ত হওয়া রোগীদের প্রায় তিন-চতুর্থাংশই ছিলেন ২০ থেকে ৪৫ বছর বয়সী। তাই ইরানের এই বয়সী মানুষদের মধ্যে সচেতনতা ও পরীক্ষা-নিরীক্ষার প্রচেষ্টা বাড়ানো উচিত বলে মত দিয়েছেন লাদান আব্বাসিয়ান।
অতীতে ইরানে এইচআইভির সংক্রমণ সাধারণত মাদক সেবনকারী ব্যক্তিদের মাধ্যমেই হতো। সর্বশেষ গবেষণায় এভাবে আক্রান্ত হওয়ার হার অনেক কমে গেছে। গবেষকেরা দেখেছেন, দেশটিতে মাদক সেবনকারীদের দ্বারা এইচআইভি আক্রান্ত হওয়ার হার ৫৩ শতাংশে নেমে এসেছে। চলতি বছর প্রথম ছয় মাসে ১০ শতাংশ আক্রান্তই ইনজেকশনের মাধ্যমে ড্রাগ নিয়েছিলেন।
এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গর্ভনিরোধ পদ্ধতির ওপর ইরান সরকারের আরোপ করা বিধিনিষেধ এবং কিছু স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে কনডম বিতরণ বন্ধ করার কারণেও এইচআইভি সংক্রমণের হার বাড়তে পারে। ২০২১ সালে দেশটির জাতীয় এইচআইভি/এইডস কমিটির সদস্য ও শাহিদ বেহেশতি মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক মাসউদ মারদানি সরকারি ওই নীতিটির সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘জনসংখ্যা বাড়াতে গর্ভনিরোধ ব্যবহারে বাধা আরোপ করলে অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌনবাহী রোগের পাশাপাশি এইচআইভি সংক্রমণের ঢেউ সৃষ্টি হতে পারে।’
২০১৪ সালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঘোষণা করেছিলেন, ইরানের জনসংখ্যা ২০৫০ সালের মধ্যে ১৫ কোটি হওয়া উচিত। তবে এই নির্দেশনার বাস্তবায়নে দেশটিতে ব্যর্থতা দেখা গেছে। অনেকেই এর জন্য দেশের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতিকে দায়ী করেছেন। দেশটির জন্মহার ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং শতাব্দীর শেষে ইরানের জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
ইরানের নারী এবং তরুণদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার বৃদ্ধি সংক্রমণের পদ্ধতির পরিবর্তনের কারণে হয়েছে বলে আশঙ্কা করছেন গবেষকেরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাঁকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ বিষয়ে এখনো আইনি পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছেন বলে মন্তব্য করার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে
১৭ মিনিট আগে
প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র (ইন্ডিয়া-ইউএস) বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে মঙ্গলবার দিল্লির উদ্দেশে যাত্রা করা পাঞ্জাবের শত শত কৃষককে দিল্লির আগে শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। হরিয়ানায় প্রবেশের প্রধান প্রবেশদ্বার শম্ভু সীমান্তে তাদের অগ্রযাত্রা...
২৪ মিনিট আগে
পারিবারিক বা দাম্পত্য বিরোধ চলাকালে স্বামীর কর্মস্থল বা নিয়োগকর্তার কাছে স্ত্রীর অভিযোগ জানানোর প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, এ ধরনের পদক্ষেপের ফলে স্বামীর চাকরি চলে যেতে পারে, যা শেষ পর্যন্ত স্ত্রীর খোরপোশের দাবিকেই বড় ধরনের ঝুঁকিতে ফেলে দেয়।
১ ঘণ্টা আগে
গাজা উপত্যকার নিজেদের নিয়ন্ত্রণাধীন ৫০ শতাংশেরও বেশি অংশকে বাকি এলাকা থেকে আলাদা করতে দ্রুতগতিতে বিশাল মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। এরই মধ্যে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণ করা হয়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
২ ঘণ্টা আগে