
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার (১৬ জুলাই) তাঁর ফাঁসি হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তা পিছিয়ে দিয়েছে।
ভারতের কেরালার বাসিন্দা ৩৪ বছর বয়সী নিমিশা ২০০৮ সালে ইয়েমেনে নার্স হিসেবে কাজ শুরু করেন। পরে স্থানীয় আইন মেনে একটি ক্লিনিক চালাতে গিয়ে তিনি তালাল আব্দো মাহদি নামে এক ব্যক্তিকে ব্যবসায়িক অংশীদার করেন।
আজ মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে মাহদির মৃতদেহ কেটে টুকরো করে পানির ট্যাংকে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিমিশাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী—মাহদি নিমিশাকে হয়রানি করছিলেন, অর্থ আত্মসাৎ করেছিলেন এবং তাঁর পাসপোর্ট জব্দ করে দেশে ফেরার পথ বন্ধ করে দেন। পালানোর পথ খুঁজতে গিয়ে নিমিশা তাঁকে চেতনানাশক ইনজেকশন দেন। এই ইনজেকশন পরে প্রাণঘাতী হয়ে ওঠে।
ইয়েমেনের স্থানীয় আদালত ২০২০ সালে নিমিশাকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে নিমিশার পরিবার সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা ২০২৩ সালে খারিজ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারিতে হুতি বিদ্রোহী সরকারের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাত তাঁর মৃত্যুদণ্ড অনুমোদন করেন।
ইসলামি শরিয়াহ অনুযায়ী ভুক্তভোগীর পরিবার যদি ‘রক্তমূল্য’ বা ‘দিয়া’ গ্রহণ করে, তাহলে মৃত্যুদণ্ড মাফ করা যায়। এই সুযোগে ভরসা রেখে নিমিশার পরিবার মাহদির পরিবারের কাছে এক মিলিয়ন ডলার রক্তমূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছে। বর্তমানে ইয়েমেনের সানায় কারাবন্দী নিমিশার মা গত এপ্রিল থেকে ইয়েমেনে রয়েছেন এবং আলোচনার জন্য স্থানীয় সমাজকর্মী স্যামুয়েল জেরোমের সঙ্গে কাজ করছেন।
ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হুতি সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও নিমিশাকে তারা সর্বোচ্চ কূটনৈতিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কারা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রসিকিউটরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিবারকে সময় দিতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছেন।
মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ নিমিশা প্রিয়ার জন্য সাময়িক স্বস্তি নিয়ে এলেও চূড়ান্ত মুক্তি এখন পুরোপুরি নির্ভর করছে মাহদির পরিবারের সিদ্ধান্তের ওপর।
আরও খবর পড়ুন:

কুখ্যাত ফরাসি-ভারতীয় ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজের জীবন ও কৌশল দ্বারা অনুপ্রাণিত হয়ে দীর্ঘ তিন দশক ধরে ভারতের বিভিন্ন রাজ্যের বিলাসবহুল হোটেলগুলোতে প্রতারণা চালানোর অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার একটি কারাগারে সংঘর্ষে চার কারারক্ষীসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। দেশটির কর্মকর্তারা সোমবার এ তথ্য জানিয়েছেন। গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে এটি শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণঘাতী কারাগার দাঙ্গা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ভারতের পুনেতে আবাসন ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই হরিয়ানার গুরুগ্রামের মানেসার থেকে প্রায় একই ধরনের এক নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছে। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবক এবং তাঁর প্রেমিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চীন প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (এসএলবিএম) বিরল পরীক্ষা চালিয়েছে। এ ঘটনাকে ঘিরে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সমালোচনা জানিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।
৪ ঘণ্টা আগে