ইরান ও ওমান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে এক নতুন অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে একমত হয়েছে। তবে ইরান জানিয়েছে, গত জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানান। এর আগে একই দিন ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা তেহরানে বৈঠক করেন। বৈঠকে হরমুজ প্রণালি পরিচালনার জন্য ধাপে ধাপে নেওয়া পদক্ষেপের বিস্তারিত চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়।
ইরান ও ওমান দুটিই হরমুজ প্রণালির উপকূলবর্তী দেশ। কয়েক সপ্তাহ ধরে তারা এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, তা নিয়ে দফায় দফায় আলোচনা করে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যেত। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এই প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
গারিবাবাদি জানান, ওমানের সঙ্গে যে নতুন নৌপথে একমত হয়েছে ইরান, সেটির প্রবেশপথ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে হবে। একইভাবে পথটির একটি অংশ দিয়ে বের হওয়ার সময়ও জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে। এই নৌপথটির প্রস্থ হবে প্রায় ৭ মাইল বা ১১ দশমিক ৩ কিলোমিটার। গারিবাবাদি বলেন, ওমানের সঙ্গে যে নৌপথে সমঝোতা হয়েছে, সেটি ‘অস্থায়ী নৌপথ।’
এর আগে, গতকাল মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যে বৈঠক হয়। যৌথ বিবৃতি অনুযায়ী, বৈঠকে অস্থায়ী নৌপথের পাশাপাশি হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের একটি প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।
আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিনি আশা করছেন দুই দেশ খুব শিগগিরই নতুন নৌপথের ঘোষণা দেবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং একটি স্থায়ী সমাধানের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি একটি ব্যবস্থা তৈরির জন্য কারিগরি আলোচনা হবে। এই ব্যবস্থার মধ্যে তথ্য আদান-প্রদান, নৌযান চলাচল এবং নিরাপত্তাসংক্রান্ত সেবার বিভিন্ন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর থেকেই এই জলপথটি বড় ধরনের উত্তেজনার কেন্দ্র হয়ে ওঠে। এরপর ইরান তার নিজস্ব আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য একটি নতুন নৌপথ ঘোষণা করে। এই পথটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ট্রাফিক সেপারেশন স্কিমের বাইরে দিয়ে গেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও ১৯৬৮ সালে জাহাজ চলাচলকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে এই ব্যবস্থা গ্রহণ করেছিল।
ইরান তখন দাবি করে, ওই আন্তর্জাতিকভাবে নির্ধারিত নৌপথে মাইন পাতা হয়েছে। এরপর জুনে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। সেই সময় ওমান ও আইএমও হরমুজ প্রণালিতে একটি নতুন নৌপথ ঘোষণা করে। যুক্তরাষ্ট্রও ওই নৌপথকে সমর্থন করেছিল। নতুন পথটি ওমানের উপকূল ঘেঁষে তৈরি করা হয়।
তবে ইরান দাবি করে, এই তথাকথিত ‘দক্ষিণ নৌপথ’ জুনের সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। এরপর ওই নৌপথ ব্যবহারকারী জাহাজগুলোর ওপর ইরান হামলা চালায়। এর ফলে ইরান-যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সমঝোতা ভেঙে পড়ে। এরপর দুই দেশের মধ্যে আরও বিস্তৃত ও স্থায়ী শান্তি চুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা থমকে যায়। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলও এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
মঙ্গলবার ওমানের আশ শিশাহ এলাকার কাছে, হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছাকাছি, একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি নিক্ষিপ্ত বস্তুর আঘাতে অচল হয়ে যায়। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। ফলে নতুন অস্থায়ী নৌপথ নিয়ে ইরান ও ওমানের সমঝোতা হলেও, হরমুজ প্রণালিতে স্বাভাবিক ও নিরাপদভাবে আন্তর্জাতিক জাহাজ চলাচল পুরোপুরি কবে ফিরবে, তা এখনো অনিশ্চিত।

নিউইয়র্ক সিটিতে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবতকে নিয়ে অনুষ্ঠানের আয়োজনের প্রতি সমর্থন নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। গতকাল মঙ্গলবার তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে চলমান অভিবাসনবিরোধী কঠোর অভিযানের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র গতকাল মঙ্গলবার জানিয়েছেন, বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে...
১ ঘণ্টা আগে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। আজ বুধবার সকালের দিকে এই প্রাণহানির ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চীনের একটি উপকূলীয় প্রদেশের শিক্ষার্থী শিয়াওমেই। মাত্র ১৪ বছর বয়সে অতিরিক্ত মাত্রায় কাশির ওষুধ সেবন করে ফেলে মেধাবী এই শিক্ষার্থী। বয়সে তার চেয়ে কিছুটা বড় এক তরুণের মন জয় করতে সে এই কাজটি করে। ওই তরুণ তাকে বলেছিল, এই ওষুধ খেলে মানসিক চাপ বা ক্লান্তি দূর হবে।
২ ঘণ্টা আগে