
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর টানা ষষ্ঠ দিন যুদ্ধবিরতি লঙ্ঘনের এক দিন পর এ ঘটনা ঘটল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নওশেরা, সুন্দরবনি এবং আখনূর সেক্টরেও হালকা অস্ত্রের গুলি চালিয়েছে পাকিস্তান।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে মারাত্মক সন্ত্রাসী হামলার পর ২০২১ সালের ফেব্রুয়ারির পর এটি অন্যতম বড় যুদ্ধবিরতি লঙ্ঘন। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বাইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলা প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
এই হামলার জবাবে ভারত ১৯৬০ সালের সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। ২৭ এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের ইস্যু করা সমস্ত ভিসা বাতিল করে দেয়। অবিলম্বে আটারি-ওয়াঘা স্থল ট্রানজিট পোস্ট বন্ধ করে দেওয়া হয়।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানি সৈন্যদের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। ভারতের অভিযোগ, পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলায় জড়িত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অঙ্গীকার করেছেন, ভারত এই মারাত্মক হামলার পেছনের প্রত্যেক সন্ত্রাসী এবং তাদের ‘পৃষ্ঠপোষকদের’ শনাক্ত করে খুঁজে বের করে শাস্তি দেবে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারত সরকার পেহেলগাম সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার ‘ভিত্তিহীন এবং মনগড়া অভিযোগের’ ভিত্তিতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ভারত একাই একই সঙ্গে ‘বিচারক, জুরি ও জল্লাদের’ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান আন্তরিকভাবে একটি নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিশন দ্বারা বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছে।’ তিনি বলেন, ইসলামাবাদ নিজেও সন্ত্রাসের শিকার।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন। তিনি পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব তাঁর ফোনকলে আইনানুগ উপায়ে হামলার বিচার ও জবাবদিহি অনুসরণ করার গুরুত্ব উল্লেখ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় জাতিসংঘের মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমন সংঘাত এড়ানোর ওপর জোর দিয়েছেন, যা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। উত্তেজনা কমাতে সহায়তার জন্য তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
আরও খবর পড়ুন:

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
২ ঘণ্টা আগে
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘রেয়ার আর্থ’ বা বিরল মাটির খনিজ নিয়ে ইরানের সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াচ্ছে চীন। চলতি বছরের যৌথ কর্মসূচিতে বিরল খনিজ অনুসন্ধান ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিকে সহযোগিতার অন্যতম ক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত করেছে চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফসি) ও ইরান...
৪ ঘণ্টা আগে
‘ইজাক এল দোর, ইয়া ডক্টর’—এবার তোমার পালা, ডাক্তার! সেই ডাক্তারের ‘পালা’ অবশেষে এসেছে বটে, তবে তিনি আর সিরিয়ার রাজধানী দামেস্কে নেই। মৃত্যুদণ্ড নিয়ে সেই ‘ডাক্তার’ এখনো নিরাপদে ঘুমাচ্ছেন ভ্লাদিমির পুতিনের রাশিয়ায়...
৪ ঘণ্টা আগে
উড়ন্ত অবস্থায় একটি বিমানের হঠাৎ করেই প্রায় ৩০০ ফুট নিচে নেমে আসার ঘটনার পর এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব পাইলটের ড্রাগ টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে