
ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে হাঁটুপানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে যাত্রীদের ট্রলি ঠেলে পানি পেরিয়ে টার্মিনালে প্রবেশ করতে দেখা গেছে। একই সঙ্গে দিল্লিগামী অন্তত পাঁচটি ফ্লাইট লক্ষ্ণৌ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের গেটের সামনে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে থাকতে দেখা যায়। যাত্রীরা প্যান্ট গুটিয়ে লাগেজ নিয়ে হাঁটতে বাধ্য হন।
মানসি নামের এক যাত্রী এএনআইকে বলেন, ‘এত পানি আমি আগে কখনো দেখিনি। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, পানি কিছুটা নামলে অ্যারাইভাল গেটের দিকে যাব।’
আরও এক যাত্রী হিমাংশী বলেন, ‘প্রচুর পানি জমেছে। তাই অপেক্ষা করছি।’ অন্য এক যাত্রী জানান, দুই বছর আগেও এমন জলাবদ্ধতা হয়েছিল, তবে এবার বৃষ্টি আরও বেশি হয়েছে।
দিল্লির বিভিন্ন এলাকায়ও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করে নিচু এলাকা ও আন্ডারপাসে পানি জমা, যানজট এবং গণপরিবহনে সাময়িক বিলম্ব হতে পারে বলে জানিয়েছে।
তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে আইএমডি জানিয়েছে, বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত পালাম এলাকায় ৩ দশমিক ৪ মিলিমিটার এবং সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নজাফগড়ে শূন্য দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিকাংশ পর্যবেক্ষণ কেন্দ্রে এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
বেলা ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, বেলা ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দিল্লির বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
এ ছাড়া বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিকাংশ এলাকায় আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী তিন ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা ঝোড়ো হয়ে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে—এমন সতর্কবার্তাও দিয়েছে আইএমডি।
আবহাওয়া অধিদপ্তর বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তারের কাছাকাছি না যাওয়ার এবং যাত্রার আগে ট্রাফিক পরিস্থিতি জেনে বের হওয়ার পরামর্শ দিয়েছে।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি বন্য প্রাণী সংরক্ষণকর্মী ও টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউইনের ২০তম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন তাঁর মেয়ে বিন্দি আরউইন ও ছেলে রবার্ট আরউইন। ‘ক্রোকোডাইল হান্টার’ নামে বিশ্বজুড়ে পরিচিত স্টিভ ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সে মারা যান।
১৭ মিনিট আগে
ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে বিদেশে পাঠানোর একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। তাঁর দাবি, পরিকল্পনাটি ‘বাস্তবসম্মত’ এবং এটি বাস্তবায়নে আগ্রহী দেশও রয়েছে।
৪১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন সেনাদের অবস্থান বাণিজ্যিক লোকেশন ডেটার মাধ্যমে শনাক্ত হওয়ার আশঙ্কায় সামরিক বাহিনীর ব্যবহৃত ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপনী ট্র্যাকার (অ্যাডভারটাইজিং আইডি) বন্ধ করেছে পেন্টাগন। মার্কিন সিনেটর রন ওয়াইডেন প্রকাশিত চিঠি এবং রয়টার্সকে দেওয়া সামরিক বাহিনীর বক্তব্যে...
১ ঘণ্টা আগে
জাপানের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি শিগেকো কাগাওয়া ১১৫ বছর বয়সে মারা গেছেন। নারা প্রিফেকচারের ইয়ামাতোকোরিয়ামা শহরের বাসিন্দা কাগাওয়া গতকাল বৃহস্পতিবার ১১৫ বছর ৯১ দিন বয়সে মারা যান।
২ ঘণ্টা আগে