Ajker Patrika

ইকোনমিক টাইমসের প্রতিবেদন

এক দশক পর বাংলাদেশে ফের রেল কোচ সরবরাহের উদ্যোগ ভারতের, প্রথম চালান প্রস্তুত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৭: ৪৬
এক দশক পর বাংলাদেশে ফের রেল কোচ সরবরাহের উদ্যোগ ভারতের, প্রথম চালান প্রস্তুত
ফাইল ছবি

দীর্ঘ এক দশক পর বাংলাদেশে আবারও যাত্রীবাহী রেল কোচ সরবরাহ শুরু করার প্রস্তুতি নিয়েছে ভারতের রেলওয়ে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব রাজ্যের কপুরথলা রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) থেকে আজ বুধবার বাংলাদেশ রেলওয়ের জন্য ১৯টি কোচের একটি বহরের আনুষ্ঠানিকভাবে রওনা হওয়ার কথা রয়েছে।

ভারতীয় রেলওয়ের বিজ্ঞপ্তির বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, এই চালানে তিনটি এসি স্লিপার কার, তিনটি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার ও দুটি পাওয়ার কার রয়েছে।

বাংলাদেশে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন ও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে রেল কোচ সরবরাহের এটিই প্রথম চালান।

এর আগে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল ভারত। এই এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহের মধ্য দিয়ে আরসিএফের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের অংশীদারত্ব শুরু হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়েকে মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়িত করছে ভারতীয় রেলওয়ের রপ্তানি ও পরামর্শক সংস্থা ‘রাইটস লিমিটেড’ (RITES Limited)। ২০২৪ সালের মে মাসে সাতটি ভ্যারিয়েন্টের ২০০টি ব্রডগেজ প্যাসেঞ্জার কোচ তৈরির কার্যাদেশ পায় রাইটস লিমিটেড।

ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

ভারতীয় রেলওয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা এই কোচগুলোর নকশায় বিশেষ প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে, ইউরোপীয় মানদণ্ড (EN 15227) অনুযায়ী কোচগুলোকে দুর্ঘটনা প্রতিরোধী বা ‘ক্র্যাশওয়ার্দি’ নকশায় তৈরি করা হয়েছে, যা সংঘর্ষের সময় ক্ষয়ক্ষতি কমাবে এবং যাত্রীদের নিরাপত্তা বাড়াবে। এ জন্য কোচের মূল বডি শেলের পুনর্নকশা করা হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক ব্যবস্থায়ও পরিবর্তন আনা হয়েছে।

ভারতীয় রেলওয়ের নিজস্ব কোচে সাধারণত প্রচলিত ৭৫০ ভোল্ট বৈদ্যুতিক ব্যবস্থা ব্যবহৃত হলেও বাংলাদেশ রেলওয়ের চাহিদা অনুযায়ী নতুন এই কোচগুলোতে বিশেষ ৪১৫ ভোল্ট ব্যবস্থার সংযোগ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত