বাজি ফাটালে বহু রোগের উপশম হয়—দাবি বিজেপি বিধায়কের

বাজি ফাটালে একাধিক রোগ সেরে যায় বলে দাবি করেছেন বিজেপির টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। কালীপূজা ও দীপাবলি উদ্যাপনে উচ্চ শব্দে বাজি ফাটানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ বার্তা দেওয়ার কয়েক দিনের মধ্যেই এই দাবি করলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নিজের বিধানসভা এলাকায় এক কালীপূজার উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করেন পাপিয়া অধিকারী। হাতে মাইক্রোফোন নিয়ে বক্তব্য শুরু করার সময় তাঁর সামনেই বিকট শব্দে একটি বাজি ফাটানো হয়। এরপর বক্তব্য চালিয়ে গিয়ে পাপিয়া অধিকারী বলেন, ‘দেখবেন, বাজি ফাটালে অনেক রোগের উপশম হবে।’
পাপিয়া আরও বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বাজি ফাটাব। বাজি ছাড়া কালীপূজা কীভাবে সম্পূর্ণ হতে পারে? আমরা অবশ্যই বাজি ফাটাব। তবে পুলিশের নির্দেশিকা মেনেই বাজি ফাটানো হবে।’
এর আগে আমহার্স্ট স্ট্রিট, খলিশানিসহ একাধিক কালীপূজার মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উৎসবের সময় বাজি ফাটানোর কথা বলেছিলেন। তবে একই সঙ্গে পরিবেশবান্ধব বা গ্রিন ক্র্যাকার ব্যবহারের আহ্বান জানান তিনি। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত বিধিনিষেধ মেনে চলার ওপরও জোর দেন মুখ্যমন্ত্রী।









