Ajker Patrika

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

আজকের পত্রিকা ডেস্ক­
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত
ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার পর অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় প্রতিষ্ঠানটির দাখিল করা নথিতে এ তথ্য উঠে এসেছে। গত জুনে ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই পোস্ট প্রকাশ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করা মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মাসিক ৭৫ হাজার ডলারের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ বলয়ের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগবিষয়ক পরিচালক ব্রায়ান লানজা প্রতিষ্ঠানটির মূল দলের সদস্য। এ ছাড়া ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত মার্কারির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, মার্কারির দাখিল করা নথিতে ট্রাম্পের ওই অভিনন্দনবার্তার পাশাপাশি এক্সে প্রকাশিত একটি পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে জুন মাসে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প।

এদিকে, ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন আরেকটি মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি মে ও জুন মাসে ভারতের কেন্দ্রীয় সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের ব্যবস্থা করেছিল। প্রতিষ্ঠানটির সর্বশেষ দাখিল করা নথিতে এসব ফোনালাপকে তাদের ‘রাজনৈতিক কার্যক্রমের’ অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফোনালাপগুলোর আলোচ্য বিষয় ছিল ‘ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।’

২০২৫ সালের এপ্রিলে ভারত জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।

চুক্তির নথিতে প্রতিষ্ঠানটির দায়িত্বের পরিধি সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিংকট্যাংক এবং অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের কাছে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি পর্যায়ে সম্পর্ক উন্নয়নে সহায়তা করা।

যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ‘বিদেশি মক্কেলের এজেন্টদের’ নির্দিষ্ট সময় পরপর সংশ্লিষ্ট মক্কেলের সঙ্গে তাদের সম্পর্ক, পরিচালিত কার্যক্রম এবং এ বাবদ পাওয়া আর্থিক পারিশ্রমিকের তথ্য প্রকাশ করতে হয়।

ফারার আওতায় দাখিল করা নথি অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠান ভারতের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার ফোনালাপের ব্যবস্থা করে। এসব ফোনালাপে অংশ নেওয়া মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জ।

রুবিওর ভারত সফরের পর জুন মাসেও ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের ফোনালাপের ব্যবস্থা করে প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে ভারতের পক্ষ থেকে কথা বলা হয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ দপ্তরের পরিচালক স্টিভেন চেউংয়ের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত