
ভারতের উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা থেকে প্রায় আট বছর আগে নিখোঁজ হওয়া এক তরুণীকে বাংলাদেশে খুঁজে পেয়েছেন ভারত ও বাংলাদেশের একদল হ্যাম রেডিও অপারেটর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোলাবাড়ী রেলস্টেশনে গত ৯ জুলাই স্থানীয় এক স্বেচ্ছাসেবী ও হ্যাম রেডিও অপারেটর মোহাম্মদ আব্দুল গনি ফিতু প্রথম ওই তরুণীকে দেখতে পান।
তিনি বলেন, ‘মেয়েটির পরনে ছেঁড়া জামাকাপড়, শরীরে অসুস্থতার লক্ষণ ছিল। আমি স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে খাওয়াই এবং প্রাথমিক চিকিৎসা দিই। পরে তিনি তাঁর নাম বলেন—সারমা খাতুন (২৮)। ভারতের একটি ঠিকানাও দেন। তখন আমি অবাক হই এবং ভারতে আমার পরিচিত হ্যাম রেডিও অপারেটরদের সঙ্গে যোগাযোগ করি।’
এরপর আব্দুল গনি যোগাযোগ করেন পশ্চিমবঙ্গ অ্যামেচার রেডিও ক্লাবের সেক্রেটারি আম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে। আম্বরীশ নাগ বলেন, ‘গনি আমাকে মেয়েটির ছবি পাঠায়, এরপর আমরা ইসলামপুরের হ্যাম অপারেটর সঞ্জীব শর্মার মাধ্যমে স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের সহায়তায় মেয়েটির পরিবারকে শনাক্ত করি। ১০ জুলাই আমরা জানতে পারি, মেয়েটির বাবা শুকুর আলী এবং মা রোহিদা বিবি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার গোলাবাড়ী গ্রামের বাসিন্দা।’
পরে হ্যাম রেডিও অপারেটররা ভিডিও কলে সারমা খাতুনের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ করিয়ে দেন। মেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা রোহিদা বিবি। তিনি বলেন, ‘আমরা ধরেই নিয়েছিলাম, মেয়ে আর নেই। আট বছর নিখোঁজ থাকার পর যখন ওকে ফোনে দেখলাম, কথা বললাম, তখন যেন বিশ্বাসই হচ্ছিল না! এখন শুধু চাই, ও যেন নিরাপদে দেশে ফিরে আসে। আমরা পঞ্চায়েতের সহায়তায় পুলিশকে সব জানিয়েছি।’
গোলাবাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য মোহাম্মদ জালালউদ্দিন বলেন, ‘সারমা আমাদের গ্রামের মেয়ে। তাকে ফিরিয়ে আনার সব রকম ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের প্রস্তুতি নিচ্ছি। তার পরিবারও পুলিশের শরণাপন্ন হয়েছে।’
এদিকে সারমার সন্ধান পাওয়া মোহাম্মদ গনি বলেন, ‘আমরা স্থানীয় থানা ও প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং মেয়েটির ও তার পরিবারের পরিচয়পত্র জমা দিয়েছি। এখন সে আমাদের আশ্রয়ে আছে, কিন্তু শিগগিরই তাকে বাংলাদেশ সরকারের একটি সরকারি আবাসনে পাঠানো হবে। সেখানে তার মানসিক অবস্থার পরীক্ষা হবে। পরবর্তী ধাপে ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন এলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে তাকে ফিরিয়ে দেওয়া হবে। এটাই প্রচলিত প্রক্রিয়া।’
এ বিষয়ে আম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘আমরা ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনকে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিতভাবে জানিয়েছি। মেয়েটির পরিবারও প্রশাসনের কাছে আবেদন জানাবে।’
উল্লেখ্য, অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও হলো এমন একটি শৌখিন যোগাযোগমাধ্যম, যেখানে সরকার অনুমোদিত অপারেটররা দেশের অভ্যন্তরে ও বাইরে বেতার তরঙ্গের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন। বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে এই হ্যাম অপারেটররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হ্যাম রেডিও ক্লাব ‘আইলা’, ‘সুপার সাইক্লোন’, ‘নেপাল ভূমিকম্প’সহ বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে।

হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে
১৮ মিনিট আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
১ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
২ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৪ ঘণ্টা আগে