স্বামীকে রাজনীতিতে বাধা দিলেও ছেলে রাহুলকে কেন দেননি সোনিয়া, জানালেন নিজেই

স্বামী রাজীব গান্ধীকে রাজনীতিতে প্রবেশ না করার জন্য অনুরোধ করেছিলেন সোনিয়া গান্ধী। এমনকি রাজনীতির ‘ভয়ংকর জগতে’ নিজেকে ও পরিবারকে জড়িয়ে না ফেলতে রাজীবের কাছে কাকুতি-মিনতিও করেছিলেন তিনি। তবে ছেলে রাহুল গান্ধী যখন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তাঁকে বাধা দেননি সোনিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিজের প্রকাশিতব্য স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ এসব কথা লিখেছেন ভারতের প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী। বইটি আজ মঙ্গলবার বিশ্বজুড়ে প্রকাশিত হচ্ছে।
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লিখেছেন, রাহুল গান্ধীর রাজনীতির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ছিল। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ লোকসভা আসন আমেথির সঙ্গে রাহুল ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক। আমেথি ছিল তাঁদের বাবা-মায়ের রাজনৈতিক নির্বাচনী এলাকা। উত্তরপ্রদেশ ভারতের গুরুত্বপূর্ণ হিন্দিভাষী রাজ্যগুলোর একটি।
সোনিয়া গান্ধীর বর্ণনা অনুযায়ী, রাজীব গান্ধী স্কুলজীবনেই রাহুলকে বেশ কয়েকবার আমেথিতে নিয়ে গিয়েছিলেন। পরবর্তী সময়ে গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে ছেলেকে ধারণা দিতেও তিনি সেখানে নিয়ে যান। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী তাঁর বাবা-মায়ের প্রতিটি নির্বাচনের সময় আমেথিতে উপস্থিত ছিলেন। এভাবে তিনি দলীয় কর্মী ও স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তবে সে সময় তাঁর প্রধান অগ্রাধিকার ছিল ছোট সন্তানদের লালন-পালন এবং বৌদ্ধ অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জনের পড়াশোনা।
সোনিয়া গান্ধী লিখেছেন, ‘রাহুল যখনই ভারতে ফিরত, আমার সঙ্গে কিংবা তাঁর বোনের সঙ্গে আমেথিতে যেত। ফলে নির্বাচনী এলাকার মানুষের কাছে তাঁরা দুজনই পরিচিত মুখ ছিল। শেষ পর্যন্ত ভারতে ফিরে আসার পর এসব সফরের সময়ই রাহুল সেখানকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।’
সোনিয়া গান্ধী আরও জানান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুলের এমফিল গবেষণার বিষয় ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ বা উন্নয়ন অধ্যয়ন। বিদেশে চাকরি করার সময়ও তিনি ভারতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের ওপর ঘনিষ্ঠ নজর রাখতেন।
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লিখেছেন, ‘দল দীর্ঘদিন ধরেই তাঁকে সক্রিয় রাজনৈতিক ভূমিকা নেওয়ার জন্য জোরালোভাবে অনুরোধ করছিল। এর অর্থ ছিল তাঁর জীবনে সম্পূর্ণ পরিবর্তন আসা। তাঁকে একজন জনপরিচিত ব্যক্তিত্বে পরিণত হতে হতো, যার প্রতিটি পদক্ষেপ মানুষের নজরদারি ও বিচার-বিশ্লেষণের মুখে পড়বে।’
প্রিয়াঙ্কা ও তাঁর সঙ্গে আলোচনা এবং নিজের গভীর চিন্তাভাবনার পর রাহুল রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান সোনিয়া। ২০০৪ সালের মার্চে রাহুল গান্ধী ঘোষণা করেন, তিনি আমেথি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, সোনিয়া গান্ধী পাশের রায়বেরেলি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
রাজীব ও রাহুলের রাজনীতিতে প্রবেশের বিষয়ে নিজের অবস্থানের পার্থক্য তুলে ধরে সোনিয়া গান্ধী লিখেছেন, ‘দুই দশক আগে আমি রাজীবকে রাজনীতিতে প্রবেশ না করার জন্য কাকুতি-মিনতি করেছিলাম। তাঁকে অনুরোধ করেছিলাম, এই ভয়ংকর জগতে যেন সে নিজেকে এবং আমাদের সবাইকে জড়িয়ে না ফেলে। এবার সেই একই পরিস্থিতি আমার ছেলের ক্ষেত্রে তৈরি হলো। কিন্তু এবার আমি তাঁকে বাধা দিইনি।’
রাহুলের সঙ্গে তাঁর বাবার সম্পর্কের প্রসঙ্গ টেনে সোনিয়া গান্ধী আরও লিখেছেন, ‘রাহুল তাঁর বাবার পরিণতি আগেই আঁচ করতে পেরেছিল। এ নিয়ে সে বাবার সঙ্গে তর্কও করেছিল। তা সত্ত্বেও বাবার মূল্যবোধের প্রতি তাঁর গভীর আত্মিক টান এবং আসন্ন বিপদের ছায়া জেনেও রাজীব যে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন, তার প্রতি গভীর শ্রদ্ধা রাহুলের মধ্যে ছিল।’
সোনিয়া গান্ধীর স্মৃতিকথা অনুযায়ী, প্রথম নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হন রাহুল। এরপর নতুন দায়িত্ব নিয়ে উৎসাহের সঙ্গে কাজ শুরু করেন তিনি। রাজীব গান্ধীর উদ্যোগের ধারাবাহিকতায় রাহুলও গ্রামীণ আমেথিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন।
এদিকে, প্রিয়াঙ্কা গান্ধী নিজেকে দক্ষ ব্যবস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেন। আমেথিতে তিনি স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি) গড়ে তোলেন। এসব গোষ্ঠীর মাধ্যমে নারীদের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নিজেদের সমাজ পরিবর্তনের সক্রিয় শক্তি হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা হয়।
সোনিয়া গান্ধী লিখেছেন, ‘শুরুতে গোষ্ঠীগুলো ছিল ছোট, কিন্তু সেগুলোর মধ্যে বিপুল সম্ভাবনা ছিল। রাহুলের সম্পৃক্ততায় আমেথির স্বনির্ভর গোষ্ঠীগুলো উত্তর ভারতের সবচেয়ে বড় স্বনির্ভর গোষ্ঠীতে পরিণত হয়।’ এ ছাড়া রাহুল গান্ধী আমেথিতে একটি প্রয়োজনীয় চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে হাসপাতালটির কার্যক্রম সম্প্রসারিত হয়ে লখনউ ও হরিয়ানাতেও শাখা চালু হয় বলে স্মৃতিকথায় উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী।









