
যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে। তবে বিমানটির উদ্দেশ্য, যাত্রী কিংবা বহন করা মালামাল সম্পর্কে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা রাশিয়া—কোনো পক্ষই প্রকাশ্যে কিছু জানায়নি।
ফ্লাইট-ট্র্যাকিং সেবা ‘ফ্লাইটরাডার ২৪ ’-এর তথ্য অনুযায়ী, মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার থ্রি বিমান লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি মস্কোর ভনুকোভো বিমানবন্দরে যায়। রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রায় ০৭০০ জিএমটি সময়ে বিমানটি সেখানে অবতরণ করে।
ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে ক্রেমলিনের প্রতিক্রিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই সপ্তাহে মার্কিন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। বিমানটির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রশাসনও এ নিয়ে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি।
ফ্লাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ০৭-৭১৮১ নম্বরের বোয়িং সি-১৭ বিমানটি গত ২৩ আগস্ট ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে রওনা হয়ে লাটভিয়ার রিগায় পৌঁছায়। এরপর মঙ্গলবার রিগা থেকে মস্কোর উদ্দেশে যাত্রা করে।
জয়েন্ট বেস অ্যান্ড্রুজ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সরকারি সফরের ক্ষেত্রেও ঘাঁটিটি ব্যবহৃত হয়। সি-১৭ গ্লোবমাস্টার একটি বিশাল সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘ দূরত্বে সেনা, সামরিক সরঞ্জাম ও ভারী মালামাল বহনে সক্ষম।
তবে ফ্লাইট-ট্র্যাকিং তথ্য থেকে বিমানটিতে কী ছিল বা কারা যাত্রী ছিলেন, তা জানা সম্ভব নয়। রয়টার্স ও এএফপিও যাত্রী, মালামাল কিংবা সফরের উদ্দেশ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
যুক্তরাষ্ট্রে নিবন্ধিত বিমানের ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় যাওয়া এখন অত্যন্ত বিরল ঘটনা। চলতি বছরের জানুয়ারিতে সর্বশেষ এমন একটি ফ্লাইটে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো গিয়েছিলেন বলে রয়টার্স জানিয়েছে।
এ কারণে নতুন এই বিমানযাত্রা কূটনৈতিক তৎপরতা কিংবা সম্ভাব্য বন্দিবিনিময়ের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকেই এর সত্যতা নিশ্চিত করা হয়নি।

ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
৩ ঘণ্টা আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
৩ ঘণ্টা আগে