Ajker Patrika

বিদেশি কূটনীতিকদের কিয়েভ ছাড়তে বলল রাশিয়া, ব্যাপক হামলার পূর্বাভাস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৫: ৪৫
বিদেশি কূটনীতিকদের কিয়েভ ছাড়তে বলল রাশিয়া, ব্যাপক হামলার পূর্বাভাস
ইউক্রেনে রুশ আক্রমণের অংশ হিসেবে কিয়েভে এক ড্রোন হামলা চালানো হয়। হামলার পর একটি বেসরকারি মেডিকেল সেন্টারে ছড়িয়ে পড়া আগুন নেভানোর কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। ছবি: এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে লক্ষ্যভিত্তিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের দেশটি ছাড়ার সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আজ রোববার কিয়েভে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎজ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানাতে তাঁর এই সফরের সময়ও রাজধানীতে বিমান হামলার সতর্কসংকেত ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সফরে ইউক্রেনের জন্য সামরিক ও জ্বালানি খাতে নতুন সহায়তা ঘোষণার পাশাপাশি ড্রোন যৌথভাবে উৎপাদনের চুক্তি চূড়ান্ত করার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়া গতকাল শনিবার জানিয়েছে—তারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির অন্যান্য শহরে লক্ষ্যভিত্তিক পাল্টা হামলা অব্যাহত রাখবে। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের কিয়েভ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের দেশের বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে রুশ সশস্ত্র বাহিনী কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পরিকল্পিতভাবে ও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও বিদেশি নাগরিকদের, বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের, ইউক্রেনে অবস্থান না করার অথবা দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করছে। এই সতর্কতা উপেক্ষা করার ফলে কোনো ধরনের বিরূপ পরিণতি ঘটলে তার সম্পূর্ণ দায়ভার তাঁদেরই নিতে হবে।

সম্প্রতি ইউক্রেনের রাজধানীর অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। গতকাল শনিবারের এক বিমান হামলায় দিনিপ্রো নদীর ওপর থাকা একটি সেতুতে আঘাত হানা হয়। রাশিয়ার ক্রমবর্ধমান হামলা রাজধানী কিয়েভের ৩০ লাখ বাসিন্দার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করেছে। সামনে তীব্র শীতের মাসগুলো আসছে, এমন সময় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সপ্তাহে বলেছেন, রাশিয়ার ওপর ইউক্রেনের হামলার মূল্য ইউক্রেনকেই দিতে হচ্ছে এবং ভবিষ্যতেও দিতে হবে। তিনি বলেন, রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে যাবে।

সাম্প্রতিক মাসগুলোতে কৃষ্ণসাগরে একে অপরের শস্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। একই সময়ে রাশিয়ার তেল শোধনাগারসহ অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানে ইউক্রেনের গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। পাশাপাশি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেসামরিক মানুষ নিহত হচ্ছেন।

তবে দুই পক্ষই বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

রুশ হামলার মধ্যে কিয়েভে জার্মান চ্যান্সেলর

রাশিয়ার হামলা আরও জোরদার হওয়ার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমর্থন জানাতে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎজ আজ রোববার কিয়েভে পৌঁছান। তাঁর আগমনের সময় ইউক্রেনের রাজধানীতে বিমান হামলার সতর্কসংকেত ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

জার্মান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ম্যার্ৎজ ইউক্রেনের জন্য একগুচ্ছ সহায়তা ঘোষণা করবেন। এর মধ্যে থাকবে ১০০ কোটি ইউরো বা ১ বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা এবং দেশটির জ্বালানি খাত মেরামতের জন্য ৩৫ কোটি ইউরো বা ৩৫০ মিলিয়ন ইউরো। ডলারের হিসাবে এই দুই সহায়তার পরিমাণ যথাক্রমে প্রায় ১১৩ কোটি ডলার ও ৩৫ কোটি ডলার।

এ ছাড়া বিভিন্ন ধরনের ড্রোন যৌথভাবে উৎপাদনের বিষয়ে একটি চুক্তিও চূড়ান্ত করার কথা রয়েছে।

ম্যার্ৎজ বলেন, ‘আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনের সব ধরনের সহায়তা প্রয়োজন। এ কারণেই আজ আমি কিয়েভে এসেছি।’ তিনি আরও বলেন, রুশ বাহিনী শহর, আবাসিক ভবন ও তাপ সরবরাহকেন্দ্রগুলোতে বোমা হামলা চালাচ্ছে।

ম্যার্ৎজ সতর্ক করে বলেন, ‘রাশিয়াকে থামানো না গেলে, একসময় তার যুদ্ধযন্ত্র আমাদের দিকেও ঘুরে দাঁড়াবে।’ তিনি বলেন, “আজ আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলব, ‘আপনারা আমাদের সহায়তার ওপর নির্ভর করতে পারেন।’ ”

রোববার সকালে কিয়েভে চারবার বিমান হামলার সতর্কসংকেত শোনা যায়। এ সময় শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চালুর শব্দও শোনা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার এক হামলায় দিনিপ্রো নদীর ওপর থাকা নর্দার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটির সড়কপথে ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, একই হামলায় ওই এলাকার গরম পানি সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত