Ajker Patrika

ইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতায় রাজি মস্কো, নিজেদের স্বার্থ বিসর্জন নয়: পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­
ইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতায় রাজি মস্কো, নিজেদের স্বার্থ বিসর্জন নয়: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: এএফপি

ইউক্রেন সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছাতে রাশিয়া প্রস্তুত, তবে এ ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধের বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মূলত কিয়েভের। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের উৎসাহে প্রস্তাবিত একটি সমঝোতা ইতিমধ্যে মেনে নিয়েছে মস্কো। তবে চুক্তিতে পৌঁছাতে হলে ইউক্রেনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে মাটির বাস্তবতা মেনে নিতে হবে।

রাশিয়ার সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। ইউরোপের নিরাপত্তা নিয়ে সমঝোতার পথ খুঁজতে রাশিয়া প্রস্তুত। তবে এ ক্ষেত্রে নিজেদের জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না মস্কো।

গতকাল বৃহস্পতিবার বিবিসি রাশিয়া ডেস্কের এডিটর স্টিভ রোজেনবার্গের এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সমঝোতার পথ খুঁজব। আমার মনে হয়, এ ধরনের সমঝোতা করা পুরোপুরি সম্ভব।’ ইউক্রেন সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক বিরোধ নিয়েও কথা বলেন পুতিন। তিনি বলেন, ‘সব পক্ষকেই মাটির বাস্তবতা বিবেচনায় নিতে হবে।’ তাঁর মতে, এই বিষয়টি শুধু মস্কোর জন্য নয়, আলোচনায় অংশ নেওয়া অন্য পক্ষগুলোর জন্যও সমানভাবে প্রযোজ্য।

পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া নিজেদের স্বার্থ বিসর্জন দেবে না। তবে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য এমন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য মস্কো আলোচনা করতে প্রস্তুত। তিনি বলেন, ‘এই প্রক্রিয়ার অন্য অংশগ্রহণকারীদেরও শুধু মাটির বাস্তবতা মেনে নিতে হবে এবং প্রয়োজনীয় সমঝোতায় আসতে হবে।’

চুক্তিতে পৌঁছানোর পথে কোনো ‘অতিক্রম করা অসম্ভব’ বাধা দেখছেন না বলেও জানান পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে সংঘাত চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা মস্কোর নেই। তাঁর দাবি, এখন যুদ্ধ বন্ধ হওয়া মূলত কিয়েভের সমঝোতায় আসার আগ্রহের ওপর নির্ভর করছে। পুতিন বলেন, ‘এই সংঘাত চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। তবে এখন প্রশ্নটি মূলত আমাদের নিয়ে নয়। প্রশ্নটি ইউক্রেনের পক্ষকে নিয়ে।’

পুতিনের দাবি, যুক্তরাষ্ট্রের উৎসাহে প্রস্তাবিত একটি সমঝোতা রাশিয়া ইতিমধ্যে মেনে নিয়েছে। তবে দনবাস অঞ্চলের অবশিষ্ট ১০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে কিয়েভ কতটা দৃঢ়প্রতিজ্ঞ, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, ‘এটি সেই শাসকগোষ্ঠীর বিষয়ও, যারা অভ্যুত্থানের পর ক্ষমতায় এসেছিল। তবে আমরা এই মানুষগুলোর সঙ্গে কথা বলতে প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত