
রাশিয়ার একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত এগারোজন নিহত হয়েছেন। আজ সোমবার হামলার বিষয়টি নিশ্চিত করে মস্কো জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গেলেন্দঝিকে পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলায় আরও অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই উভয় দেশ দাবি করে আসছে যে, তারা কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে না।
বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা একাধিক ভিডিও চিত্রে দেখা যায়, কৃষ্ণসাগর উপকূলের জনপ্রিয় গেলেন্দঝিক শহরের কাছে একটি ব্যস্ত সমুদ্র সৈকতে সরাসরি আঘাত হানে ইউক্রেনের ওই ড্রোন এবং মুহূর্তে বিকট বিস্ফোরণ ঘটে।
ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি উল্লেখ করে ক্রাসনোদার অঞ্চলের গভর্নর টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বলেন, ‘আজ যা ঘটেছে তা কোনো সামরিক অবকাঠামোর ওপর নয়, বেসামরিক জনগণের ওপর কিয়েভের পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা।’
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গেলেন্দঝিকের অন্তর্গত আরখিপো-ওসসিপোভকা নামক গ্রামটিতে বিস্ফোরণের পর উদ্ধারকাজে সহায়তা ও দ্রুত চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন শিশুসহ ২১ জনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নয়জনের অবস্থা অত্যন্ত সংকটজনক।
রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি ‘সন্ত্রাসবাদের’ আশ্রয় নেওয়ার অভিযোগ তুলেছেন।
এর আগে গত মাসে ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত জাপোরিজিয়া অঞ্চলের একটি অবকাশযাপন ক্যাম্পে কিয়েভের হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছিল বলে অভিযোগ তুলেছিল মস্কো।
উল্লেখ্য, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া নিজেই রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এতে বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পাশাপাশি লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং নিহত হয়েছেন হাজার হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিক।
অন্যদিকে, সম্প্রতি রুশ ভূখণ্ডের গভীরে দীর্ঘপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। মূলত তেল শোধনাগার এবং ই-কমার্স গুদামগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে সাধারণ রাশিয়ানরাও যুদ্ধের প্রভাব ও ভয়াবহতা টের পান। তবে রুশ সমুদ্র সৈকতে ইউক্রেনের এই ড্রোন হামলা সংঘাতকে আরও চরম ও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
২ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
৩ ঘণ্টা আগে