
দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের একটি নৌযানকে তাড়া করতে গিয়ে আজ সোমবার নিজ দেশের যুদ্ধজাহাজে ধাক্কা মেরেছে চীনা কোস্ট গার্ডের একটি জাহাজ।
ফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর জে তারিয়েলা জানিয়েছেন, তাঁরা বিতর্কিত স্কারবরো শোল এলাকায় জেলেদের সহায়তা দিচ্ছিলেন। এ সময় চীনা কোস্ট গার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। এর ফলে নিজেদের নৌযানের আঘাতে চীনা যুদ্ধজাহাজটির সামনের ডেকে বড়ধরনের ক্ষতি হয়েছে।
চীন ঘটনাটি স্বীকার করলেও তারা বলেছে, ফিলিপাইন তাদের সামুদ্রিক সীমানায় জোর করে ঢুকে পড়েছিল। তবে সংঘর্ষের কথা তারা উল্লেখ করেনি।
দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীন, ফিলিপাইন ও একাধিক দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত কয়েক বছরে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা অনেক বেড়েছে। দুই দেশই একে অপরের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি ও সমুদ্রে সংঘর্ষের অভিযোগ করে আসছে। এসব সংঘর্ষে তলোয়ার, বর্শা ও ছুরির মতো অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটেছে।
‘স্কারবরো শোল’ মূলত সমুদ্রের বুকে জেগে ওঠা ত্রিভুজাকারের একটি প্রবালপ্রাচীর ও শিলাখণ্ডের সমষ্টি। ২০১২ সালে চীন দখল নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই শোল।
ফিলিপাইনের প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, তাদের কোস্ট গার্ডের নৌযানকে তাড়া করার সময় চীনা কোস্ট গার্ডের একটি জাহাজ পানির কামান ছুড়ছে। এরপর হঠাৎ মোড় নিয়ে সেটি একটি বড় চীনা যুদ্ধজাহাজে জোরে ধাক্কা মারে।
ফিলিপিনো কোস্ট গার্ডের মুখপাত্র তারিয়েলা জানান, এই সংঘর্ষের পর চীনা যুদ্ধজাহাজটি সমুদ্রে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে কেউ আহত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
তিনি আরও জানান, ফিলিপিনো কোস্ট গার্ড সব সময় চীনের প্রতি আহ্বান জানিয়ে আসছে, যাতে তারা আন্তর্জাতিক আইন মেনে সীমানা বিরোধ মেটায়। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি, সমুদ্রে এমন বেপরোয়া আচরণ শেষ পর্যন্ত দুর্ঘটনার কারণ হতে পারে।’
এদিকে চীনের কোস্ট গার্ড দাবি করেছে, তারা আইন মেনেই কাজ করেছে এবং ফিলিপাইনের নৌযানগুলোকে তাড়িয়ে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।
বিবিসি জানিয়েছে, এটি গত দুই বছরের মধ্যে ঘটে যাওয়া দুই দেশের একাধিক বিপজ্জনক মুখোমুখি সংঘর্ষের সর্বশেষ ঘটনা। ২০২৪ সালের ডিসেম্বরে ফিলিপাইন অভিযোগ করেছিল, স্কারবরো শোলের কাছে টহলের সময় চীনা কোস্ট গার্ড পানির কামান ছুড়ে ও তাদের একটি সরকারি নৌযানকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত করে।
চীন তখন বলেছিল, ফিলিপাইনের নৌযান বিপজ্জনকভাবে তাদের কাছাকাছি চলে গিয়েছিল এবং তাদের ক্রুরা আইন অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন। পরে বেইজিং ম্যানিলাকে অভিযুক্ত করে, তারা আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে মিথ্যা অভিযোগ করছে।
এর আগে ২০২৪ সালের জুনে ফিলিপাইন জানিয়েছিল, ওই এলাকায় চীনা কোস্ট গার্ড সদস্যদের হাতে তলোয়ার, বর্শা ও ছুরি থাকলেও ফিলিপাইনের সেনারা খালি হাতে প্রতিরোধ করেন। এই সংঘর্ষে এক ফিলিপিনো সেনার আঙুল কেটে গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
২ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
২ ঘণ্টা আগে