চীনের পূর্বাঞ্চলীয় শহর নানজিংয়ের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইয়াং ইউলিনকে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণসহ একাধিক দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল সোমবার জিয়াংসু প্রদেশের চাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক বিবৃতিতে জানায়, ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালনকালে ইয়াং অবৈধভাবে মোট ২ দশমিক ২ বিলিয়ন ইউয়ানেরও বেশি (প্রায় ৩২৪ মিলিয়ন মার্কিন ডলার) অর্থ ও সম্পত্তি গ্রহণ করেছিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে—আদালতের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, জমি বরাদ্দ এবং কার্যকরী মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) সংগ্রহে সহায়তার বিনিময়ে ইয়াংকে এসব ঘুষ দেওয়া হয়েছিল। শুধু ঘুষ গ্রহণই নয়, আত্মসাৎ, ঘুষ প্রদান, সরকারি অর্থ তছরুপ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগেও ইয়াংকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ঘুষের অঙ্কের দিক থেকে এটি চীনের অন্যতম বড় দুর্নীতির মামলা বলে উল্লেখ করেছে আদালত।
আদালত প্রকাশিত ছবিতে দেখা যায়, গাঢ় রঙের একটি জ্যাকেট পরিহিত ইয়াং দুইজন ইউনিফর্মধারী পুলিশ কর্মকর্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। আদালতের বিবৃতি অনুযায়ী, চূড়ান্ত বক্তব্যে তিনি নিজের অপরাধ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মন্তব্যের জন্য ইয়াং কিংবা তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আদালতের তথ্য অনুযায়ী, মামলার প্রকাশ্য শুনানি মার্চ ও এপ্রিল মাসে দুই দিন ধরে অনুষ্ঠিত হয়, যেখানে ৩০ জনেরও বেশি ব্যক্তি উপস্থিত ছিলেন। রায়ে আদালত ইয়াংয়ের ব্যক্তিগত সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তিনি ঘুষ হিসেবে যে পুরো অর্থ গ্রহণ করেছিলেন, তা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
ইয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘদিনের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে। তবে সমালোচকদের দাবি, এই অভিযান আংশিকভাবে শি জিনপিংয়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চীনা কর্মকর্তাদের মধ্যে ইয়াং সর্বশেষ। এর আগে ২০২১ সালে রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠানের পার্টি সেক্রেটারি লাই শিয়াওমিন ঘুষ গ্রহণ, আত্মসাৎ এবং দ্বিবিবাহের অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং পরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এরপর, ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার স্থানীয় কর্মকর্তা লি জিয়ানপিং আত্মসাৎ ও ঘুষ গ্রহণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ছাড়া শানসি প্রদেশের কর্মকর্তা ঝাং ঝংশেং ২০১৮ সালে ১ বিলিয়ন ইউয়ানেরও বেশি ঘুষ গ্রহণের অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে আপিলের পর ২০২১ সালে তাঁর শাস্তি পরিবর্তন করে স্থগিত মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।

ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। আজ শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এমন দাবি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, পারস্য সাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী এবং একটি গাইডেড-মিসাইল
৭ মিনিট আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়...
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে গত ছয় মাস ধরে চলা সামরিক সংঘাতকে অত্যন্ত ‘তুচ্ছ বিষয়’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ১৮ মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। তা সত্ত্বেও তিনি একে পূর্ণাঙ্গ ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ...
২ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে মস্কোয় পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ আগস্ট) তাঁদের বহনকারী বিমান মস্কোয় অবতরণ করে বলে রয়টার্সকে জানিয়েছেন এ সফর সম্পর্কে অবগত দুটি সূত্র..
৪ ঘণ্টা আগে