
আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। গতকাল বৃহস্পতিবার ৩৮তম এই সম্মেলনের উদ্বোধনী দিনে ইরানের জাতীয় সংগীত চলাকালীন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে অস্বীকৃতি জানিয়েছেন আফগানিস্তানের তালেবান কূটনীতিক।
আজ শুক্রবার এই বিষয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, জাতীয় সংগীত চলার সময় না দাঁড়ানোর জন্য ইরান কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ার আহ্বান জানালে তা প্রত্যাখ্যান করেন তালেবান কূটনীতিক আজিজোররহমান মনসুর। তাঁর না দাঁড়ানোর বিষয়টি নিয়ে শুরুতে গুঞ্জন উঠলেও, পরে তিনি নিজেই এক্সে পোস্ট করা জাতীয় সংগীত চলাকালীন একটি ভিডিওতে নিজের অবস্থান স্পষ্ট করেন। ওই সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।
ভিডিওটি পোস্ট করে মনসুর বলেছেন, ‘আমাদের জন্মভূমিতে গানটি বাজলে আমরা বসে থাকি এবং আমি রীতিটিই অনুসরণ করেছি।’
আফগানিস্তানের জন্য ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কওমি তালেবান কর্মকর্তা মনসুরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। বিষয়টিকে তিনি ‘কূটনৈতিক নীতির অসম্মান’ বলে আখ্যা দিয়েছেন। এক্সে তিনি লিখেছেন, ‘সংগীতের ওপর শরিয়াভিত্তিক নিষেধাজ্ঞার অজুহাতে কূটনৈতিক নীতিকে অসম্মান করার কোনো ভিত্তি বা বৈধতা নেই।’
আফগানিস্তানের তালেবান সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মনসুর আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন।
এর আগে পাকিস্তানের পেশোয়ারেও এই ধরনের আরেকটি কাণ্ড ঘটিয়েছিলেন তালেবান কূটনীতিকেরা। সেখানে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে তালেবান কূটনীতিকেরা পাকিস্তানের জাতীয় সংগীত চলার সময় বসে ছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে এই কাজের তীব্র নিন্দা জানায়। এই ঘটনার জের ধরে পরে ইসলামাবাদে নিযুক্ত তালেবান রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করেছিল পাকিস্তান সরকার।
সর্বশেষ ইরানেও জাতীয় সংগীতকে অবমাননার ঘটনায় দেশটির রাজনীতিবিদেরা তীক্ষ্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির জ্যেষ্ঠ সহকারী মোহাম্মদ আলী আবতাহি বলেছেন, ‘পাকিস্তান ও ইরানের জাতীয় সংগীতের প্রতি তালেবানদের অসম্মান এবং দাঁড়াতে অস্বীকার করার মতাদর্শগত শিকড় রয়েছে।’
এক্সের পোস্টে আবতাহি আরও বলেন, ‘যখন আমরা বলি, তালেবানের মতাদর্শ তাঁদের কাছে থাকা হাজারো অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক, তখন আমরা এই বিষয়টির কথাই বলি।’
আবতাহি তালেবানদের কঠোর মানসিকতারও বর্ণনা দিয়েছেন। এই গোষ্ঠী সংগীতকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে মনে করে। সংগীত তাঁদের কাছে এমন একটি বিষয় যা মানুষের ধর্ম এবং জীবনকে ধ্বংস করে ফেলে।
আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে তালেবান প্রতিনিধিদের অংশগ্রহণের অনুমতি দেওয়াও ঠিক হয়নি বলে মনে করেন আবতাহি।

পাকিস্তান সীমান্ত পেরিয়ে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে অনুপ্রবেশকারী একদল সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮ জনকে হত্যার দাবি করেছে তালেবান সরকার। এই অভিযানে আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে