
অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ ভূমির ওপর দিয়ে টানা ৩৫ দিন দৌড়ে রেকর্ড গড়েছেন ব্রিটিশ অ্যান্ডিউরেন্স অ্যাথলেট ও ইনফ্লুয়েন্সার উইল গুডজ। পার্থ থেকে শুরু করে সিডনির বন্ডাই বিচ পর্যন্ত তিনি প্রায় ৩ হাজার ৮৪১ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। এই পথ অতিক্রম করতে প্রতিদিন গড়ে তাঁকে ১১০ কিলোমিটার করে দৌড়াতে হয়েছে, যা প্রায় আড়াইটি ম্যারাথনের সমান।
আজ মঙ্গলবার সিএনএন জানিয়েছে, উইলের কাছে দৌড়ের প্রথম ৯ দিন ছিল এক প্রকার দুঃস্বপ্ন। দৌড়ানো, খাওয়া, আবার দৌড়ানো—এই চক্রটি বিরামহীন চলতেই থাকত। আর বিশ্রামের সময়েও ঘুম হতো অস্থির ও জ্বরগ্রস্ত স্বপ্নে ভরা। উইল বলেন, ‘মনে হতো জেগে থেকেও স্বপ্ন দেখছি।’ তাঁর শরীর এবং হাড়-মাংস জুড়ে জমে গিয়েছিল গভীর ব্যথা। কিন্তু ওই সময়টিতে তিনি তাঁর দৌড়ের একটি ক্ষুদ্র অংশমাত্র পেরিয়েছিলেন। তাঁর সামনে পড়ে ছিল হাজার হাজার কিলোমিটার পথ।
প্রথম ৯ দিনের স্মৃতিচারণা করে উইল বলেন, ‘স্বপ্ন দেখছিলাম, আমি দৌড়াচ্ছি এবং সেই স্বপ্নেই ভয় পাচ্ছিলাম। চারদিকে ফাঁকা বিশাল প্রান্তর থাকার পরও আমার মনে হতো, আমি একরকম বন্দী। রাতগুলো যেন কিছুতেই শেষ হতো না।’
তবে দশম দিন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠছিল। প্রতিদিনের প্রায় ১১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া কিছুটা সহনীয় হয়ে ওঠে। শেষের দিকে টানা পাঁচ দিন দারুণ কেটেছে তাঁর।
গত ১৯ মে সিডনির বন্ডাই বিচে পৌঁছান উইল। সেখানে অপেক্ষায় ছিল শত শত মানুষ। তাঁর এই দৌড় যদি অনুমোদন পায়, তবে এটি হবে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়া দ্রুততম রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল ৩৯ দিন ৮ ঘণ্টা ১ মিনিটের।
এই সাফল্য সম্পর্কে উইল গুডজ বলেন, ‘মনে হয়েছে, যেন এক বিশাল মানসিক বোঝা কাঁধ থেকে নেমে গেছে। আনন্দ, চোখের পানি, ঘোলাটে আবেগ—সব একসঙ্গে আসছিল। একটা ধাক্কা কাটিয়ে ওঠার পর যেমনটা হয়, ঠিক তেমন।’
দৌড় শেষ করার পর মায়ের স্মৃতির উদ্দেশে বন্ডাই বিচে ফুলের তোড়া রাখেন উইল। তাঁর মা ২০১৮ সালে নন-হজকিন লিম্ফোমায় (এক ধরনের ক্যানসার) আক্রান্ত হয়ে মারা যান। উইল তাই এই দৌড়ের মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার তিনটি ক্যানসার তহবিলের জন্য অর্থ সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘মায়ের ক্যানসারের সঙ্গে লড়াই আমাকে আমার নিজের কষ্টকে তুচ্ছ মনে করিয়েছে। আমি যখন খুব কষ্টে পড়ি, তখন মায়ের কথা মনে করি।’
অস্ট্রেলিয়া অভিযানে প্রতিদিন ভোর ৪টায় ঘুম থেকে উঠে দৌড় শুরু করতেন উইল। তাঁকে অনুসরণ করে চলা একটি দলের সঙ্গে ছিলেন তাঁর বাবাও। বাবা তাঁকে সেরিয়াল আর ব্ল্যাক কফি খাওয়াতেন। কোচ তাঁর পায়ে টেপ লাগাতেন কিংবা ম্যাসাজ করতেন। দিনে ৭ মাইল করে ভাগ করে দৌড়াতেন। মাঝে মাঝে বিরতি নিয়ে খানিকটা খাবার—স্মুদি, কেক, পাস্তা, ফল, দই বা মধু গ্রহণ করতেন। রাত শেষে গোসল করে ডিনার করতেন দলের সঙ্গে, মাঝে মাঝে একটি বিয়ারও খেতেন।
তিনি বলেন, ‘এই ছোট ছোট স্বাভাবিক জিনিসগুলো একটু স্বস্তি দিত। নয়তো প্রতিদিন একই চক্র—খাওয়া, দৌড়ানো, খাওয়া, দৌড়ানো—পাগল করে দিত।’
শারীরিকভাবে এই দৌড় ছিল নিষ্ঠুর। আঙুলে ফোসকা, অ্যাকিলিস অ্যাঙ্কেলে ব্যথা, পেশির ক্ষয়, শরীরের ওজন ১০ কেজির বেশি কমে যাওয়া—এসব ছিল নিত্যসঙ্গী। তবু হাল ছাড়েননি উইল।
ইনস্টাগ্রামে আড়াই লাখের বেশি অনুসারী থাকা উইল গুডজ পেশায় ছিলেন রাগবি খেলোয়াড় ও মডেল। আগে দৌড়েছেন যুক্তরাষ্ট্র, ইতালির লেক কোমো এবং যুক্তরাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত।
তবে সমালোচনারও মুখোমুখি হয়েছেন তিনি। কিছু মানুষ মনে করেন, তাঁর দৌড় ও হার্ট রেটের তথ্য সন্দেহজনকভাবে ভালো। এমনকি এক সাংবাদিক আমেরিকায় গিয়ে নিশ্চিত হতে চেয়েছিলেন, উইল নিজেই দৌড়াচ্ছেন কি না। তবে কোনো প্রতারণার প্রমাণ মেলেনি।
এ নিয়ে উইল বলেন, ‘কেউ যদি ভাবে, আমি আমার মায়ের স্মৃতিকে ব্যবহার করে প্রতারণা করছি বা নিজের খ্যাতির জন্য এসব করছি, সেটা খুবই অপমানজনক।’
অস্ট্রেলিয়া অভিযান শেষ করার পর উইলের সামনে বড় কোনো দৌড়ের পরিকল্পনা নেই। হয়তো আইসল্যান্ডে একটি টিম ইভেন্টে অংশ নিতে পারেন। তবে ভবিষ্যতে যদি আবারও দেশ পাড়ি দেওয়া শুরু করেন, সেবারও প্রেরণা হবেন তাঁর মা। তিনি বলেন, ‘এই ধরনের দৌড়ে তাঁর সঙ্গে সংযোগটা খুব গভীর মনে হয়। এটাই আমাকে বারবার টেনে নিয়ে যায়।’

চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী চেং লি-উন। আগামীকাল তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী ‘শান্তি মিশন’ নিয়ে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। সেখানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে একটি দ্বিমুখী শান্তি পরিকল্পনার খসড়া উভয় দেশের হাতে পৌঁছেছে। এক মাস ৫ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধের পর একটি সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ খুলে দেওয়ার বিষয়ে এখনো অনড় অবস্থানে রয়েছে...
১ ঘণ্টা আগে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আইআরজিসির জনসংযোগ বিভাগ আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। আইআরজিসি ঘনিষ্ঠ ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে চীনের সম্ভাব্য শক্তি প্রদর্শন আর দূরের আশঙ্কা নয়, বরং ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের বাড়তে থাকা উত্তেজনা হরমুজ প্রণালিকে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এমনটাই মনে করছেন ভারতীয় বিশ্লেষক সৌরভ মুখার্জি।
৩ ঘণ্টা আগে