
তীব্র গরমে জাপানের রাজধানী টোকিওর একটি চিড়িয়াখানায় তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ৩ থেকে ১৫ বছর বয়সী ওই সিংহীগুলোর মৃত্যু হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
পশ্চিম টোকিওর তামা জুলজিক্যাল পার্কে ছিল এই সিংহীগুলো। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তে সিংহীগুলোর দেহে পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকলের (মাল্টিপল অরগান ফেলিউর) লক্ষণ পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমই তাদের মৃত্যুর কারণ।
চিড়িয়াখানার প্রতিনিধি মিওয়া কোসাকা বিবিসিকে বলেন, ‘এই প্রথম আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হলাম। গত বছরও অনেক গরম ছিল, কিন্তু কোনো সিংহ এভাবে অসুস্থ হয়ে পড়েনি।’
জাপানে গ্রীষ্মের তাপমাত্রা ক্রমেই আশঙ্কাজনকভাবে বাড়ছে। দেশটির বেশ কিছু শহরে দিন দিন ‘চরম দাবদাহের দিন’ (যেসব দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে) দেখা যাচ্ছে।
তামা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৯ জুলাই মুগি নামের তিন বছর বয়সী একটি সিংহীর ক্ষুধামন্দা দেখা দেয়। পরদিনই সে উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলে।
তার শরীর ঠান্ডা রাখতে চিড়িয়াখানার কর্মীরা সেখানে পর্যাপ্ত বাতাস ও পানির ব্যবস্থা করেন। পরে তাকে ফ্লুইড (স্যালাইন), লিভার টনিক ও ভিটামিন দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে ২৮ জুলাই মুগি মারা যায়।
এর কয়েক দিন পরই ৩১ জুলাই মারা যায় ইচিগো নামের ১১ বছর বয়সী আরেকটি সিংহী। আর গত রোববার মারা যায় ১৫ বছর বয়সী লুয়েনা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি সিংহীর ময়নাতদন্তে সারা শরীরে পানিশূন্যতা এবং একাধিক অঙ্গ বিকলের প্রমাণ মিলেছে। এতে ধারণা করা হচ্ছে তীব্র গরম সহ্য করতে না পেরে সিংহীগুলোর মৃত্যু হয়। তবে পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল পাওয়ার পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাবে।
গত সোমবার দেওয়া এক বিবৃতিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এখনও দুটি পুরুষ ও একটি নারী সিংহ মারাত্মক অসুস্থ অবস্থায় রয়েছে এবং তারা দাঁড়াতে পারছে না। বর্তমানে তাদের শরীরে প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও ভিটামিন দেওয়া হচ্ছে।
কয়েকটি সিংহের অবস্থার উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে বলে জানান মিওয়া কোসাকা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানায়, অসুস্থ হয়ে পড়া অন্য চারটি সিংহ এখন সুস্থ হওয়ার পথে। আর সুস্থ ছয়টি সিংহকে বহনযোগ্য শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এয়ার কন্ডিশনার) ও শিল্পকারখানায় ব্যবহৃত বড় ফ্যানসংবলিত ব্যক্তিগত এনক্লোজারে রাখা হবে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক হিদেয়াকি কারাকি স্থানীয় গণমাধ্যমকে বলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে সিংহদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, মানুষ ঘামলেও সিংহ ঘামে না। বরং তারা জোরে জোরে শ্বাস ছেড়ে শ্বাসনালীর আর্দ্রতা বের করে দেয়, আর সেই জলীয় বাষ্প বাষ্পীভূত হয়ে তাদের শরীর ঠাণ্ডা হয়। কিন্তু বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকলে সিংহদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক নিয়মে কমতে পারে না।
কারাকি আরও যোগ করেন, জুলাইয়ের মাঝামাঝি হঠাৎ করে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়াও একটি বড় কারণ হতে পারে, যার ফলে পরিবেশের এই প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় প্রাণীগুলো পায়নি।
১৯৬৪ সাল থেকে সিংহ প্রজনন ও প্রদর্শনী করে আসা তামা চিড়িয়াখানায় প্রায় ২৬০ প্রজাতির প্রাণী রয়েছে। আর এই সিংহগুলো বরাবরই দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। চিড়িয়াখানার নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, খোলা প্রাঙ্গণে সিংহ দেখার জন্য দর্শকদের জন্য সাফারি বাস সার্ভিস রয়েছে।
তবে হঠাৎ শুরু হওয়া দাবদাহে সিংহগুলো অসুস্থ হয়ে পড়ার কারণে গত মাসেই সিংহ প্রদর্শনী ও সাফারি বাস সেবা স্থগিত করার কথা জানিয়েছিল তামা চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
এ গ্রীষ্মেই দেশজুড়ে তাপজনিত অসুস্থতায় ৪৩ হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া সরকার তাপপ্রবাহ–সংক্রান্ত সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের শরীর ঠান্ডা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এ ছাড়া অফিসকর্মীদের আনুষ্ঠানিক পোশাকের বদলে হালকা ও আরামদায়ক পোশাক পরারও পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস জানিয়েছে, হামাসের নিরস্ত্রীকরণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। গতকাল সোমবার পশ্চিম জেরুজালেমে বোর্ডের পরিচালক নিকোলাই ম্লাদেনভ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ ক
৫ মিনিট আগে
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বান্ধবী ও সহ–অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিরোধীদলীয় নেতা উদয়ানিধি স্ট্যালিনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গতকাল সোমবার এক জনসভায় এই অভিনেত্রীকে নিয়ে উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্য তুমুল বিতর্কের জন্ম দেয়।
১ ঘণ্টা আগে
গত জুনে ভেনেজুয়ায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। গতকাল সোমবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ এ তথ্য জানান জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ। ভূমিকম্পে আহত ৬১ হাজার মানুষকে বিভিন্ন হাসপাতালে...
৩ ঘণ্টা আগে
ইরান বাজি ধরেছে যে, চলমান যুদ্ধে তারা ওয়াশিংটনের চেয়ে বেশি দিন টিকতে পারবে। আর এর জন্য তারা মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক পথ, নৌযোগাযোগ এবং জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে প্রতিপক্ষের জন্য সংঘাতের খরচ ক্রমেই বাড়তে থাকে। এমনটাই জানিয়েছেন উপসাগরীয় কর্মকর্তা ও বিশ্লেষকরা।
৩ ঘণ্টা আগে