Ajker Patrika

দিল্লিতে ৬ তলা ভবন ধসে ৪ জনের মৃত্যু, এখনো আটকা অনেক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১২
দিল্লিতে ৬ তলা ভবন ধসে ৪ জনের মৃত্যু, এখনো আটকা  অনেক
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, একটি এক্সকাভেটর, দুর্যোগ মোকাবিলা দল, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবা মোতায়েন করা হয়েছে। ছবি: পিটিআই

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করছেন। স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনটিতে এখনো অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, আজ রোববার বেলা প্রায় ১টা ৩০ মিনিটে ভবনটি ধসে পড়ে। ৭৫ শয্যার ‘হোস্টেল ডেজ’ নামের ভবনটি পুরুষদের থাকার জন্য ব্যবহৃত হতো। সত্য নিকেতন এলাকা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে হওয়ায় সেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থী বসবাস করতেন।

সরকারি এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাঁদের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে দিল্লি পুলিশ আনুষ্ঠানিকভাবে দুজন উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে এবং কতজন আটকা পড়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভবন ধসের সময় অন্তত ৫০ জন শিক্ষার্থী ভেতরে থাকতে পারেন। রোববার (সাপ্তাহিক ছুটি) হওয়ায় অধিকাংশ বাসিন্দাই ওই ভবনে অবস্থান করছিলেন বলে তাঁদের ধারণা। ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার শুনেছেন তিনি।

ভবন ধসের পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারী দল পৌঁছানোর আগে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকা একজনকে উদ্ধারে কয়েকজন প্রাণপণ চেষ্টা করছেন।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি, একটি এক্সকাভেটর, দুর্যোগ মোকাবিলা দল, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবা মোতায়েন করা হয়েছে। ভিড় নিয়ন্ত্রণে দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিটও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, পাশের ভবনটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খালি করা হয়েছে এবং আটকে পড়া লোকদের নিরাপদে উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরনজিৎ সিং সান্ধুও দ্রুত উদ্ধার অভিযান নিশ্চিত করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত