Ajker Patrika

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ১৪

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১: ১৪
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ১৪
উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। ছবি: এএফপি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। আজ বুধবার দেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। তবে কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

ইদলিবের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সারমাদা শহরের কাছে অবস্থিত যুদ্ধাস্ত্রের একটি অস্থায়ী সংগ্রহ কেন্দ্র ও গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে ১৪ জন নিহত ও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া উইং রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মী আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশিত ফুটেজে বিস্ফোরণস্থল থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।

চলতি মাসে ইদলিব অঞ্চলে এটি দ্বিতীয় বড় ধরনের প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা। এর আগে বিন্নিশ শহরে গোলাবারুদবাহী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছিল। সে সময় সরকারি একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, গাড়িটি একজন অস্ত্র ব্যবসায়ীর ছিল। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছিল, তা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মূল ঘাঁটি ছিল এই ইদলিব প্রদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পরও এই অঞ্চলে গোলাবারুদভর্তি যানবাহন ও পরিত্যক্ত অস্ত্রাগারে প্রায়ই এ রকম আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত