ইসরায়েলে মসজিদে আগুন, নেতানিয়াহুকে দায়ী করলেন বিরোধীরা

ইসরায়েলের উত্তরাঞ্চলের আল-দাহি গ্রামে একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ। দেশটির বিরোধী রাজনৈতিক নেতারা এ হামলার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের উসকানিমূলক বক্তব্যকে দায়ী করেছেন। তাঁরা ঘটনাটিকে ‘ঘৃণামূলক অপরাধ’ ও ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ হামলার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দায়ী করেছে।
আল-জাজিরা জানায়, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে আল-দাহি গ্রামের মসজিদে ওই হামলার ঘটনা ঘটে। গ্রামটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত এবং সেখানে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের বসবাস। মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানান, ফজরের নামাজ আদায় করতে এসে তিনি মসজিদের নিচতলায় ধোঁয়া ও আগুন দেখতে পান।
মসজিদের ইমাম বলেন, মুখোশ পরা তিন ব্যক্তি পাহাড়ের জঙ্গল থেকে এসে মসজিদে প্রবেশের চেষ্টা করে। ভেতরে ঢুকতে না পেরে তারা নিচতলার একটি জানালা ভেঙে দাহ্য পদার্থভর্তি বোতল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। মসজিদটির দুটি তলা রয়েছে।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মসজিদের নিচতলার একটি কক্ষে অগ্নিসংযোগ এবং কাছাকাছি সড়কে দেয়াললিখনের ঘটনায় তদন্ত চলছে। ধর্মীয় প্রতীকের ওপর হামলাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার পর বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, মসজিদে আগুন দেওয়া জঘন্য ঘৃণামূলক অপরাধ। এটি ইহুদিদের বা ইসরায়েলের পরিচয় হতে পারে না। আরব নাগরিকদের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা বন্ধের আহ্বান জানান তিনি।
বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান ঘটনাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেন, নেতানিয়াহু ও তাঁর সরকারের উসকানিমূলক প্রচারণার পরিণতি এই হামলা।
আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনও নেতানিয়াহু ও তাঁর মন্ত্রিসভাকে দায়ী করেছেন। রা’আম পার্টির চেয়ারম্যান ও নেসেট সদস্য মানসুর আব্বাস বলেছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আরব নাগরিকদের বিরুদ্ধে উগ্র ডানপন্থীদের উসকানির সরাসরি ফল।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল রহমান শাদিদ এ হামলার নিন্দা জানিয়ে একে উগ্র বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর সংগঠিত সন্ত্রাস বলে উল্লেখ করেন।
এদিকে গতকাল বুধবার রাতে ফিলিস্তিনি নাগরিকদের বসবাসের আরেক শহর কাফর কাসেমে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় আটজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিলিস্তিনি একটি নাগরিক সংগঠনের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি বসতি স্থাপনকারী।









