
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়ালেও ইয়েমেনের হুন্ডি বিদ্রোহীদের অস্বাভাবিক নীরবতা মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই গোষ্ঠী এত দিন লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেললেও, বর্তমান সংঘাতে তারা এখনো কোনো আক্রমণ চালায়নি।
বুধবার (১৮ মার্চ) আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পরপরই হুতিরা লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালায়। বিশ্বের প্রায় ১৫ শতাংশ বাণিজ্য এই জলপথ দিয়ে পরিচালিত হয়। তাই হুতিদের হামলায় আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়। ইউরোপ-এশিয়া রুটে বহু জাহাজ বাধ্য হয়ে আফ্রিকার ‘কেপ অব গুড হোপ’ ঘুরে দীর্ঘ যাতায়াত শুরু করে। এর ফলে মিসরের সুয়েজ খাল আয় থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার কমে যায়।
তবে এবার চিত্র ভিন্ন। ইরানে হামলার জের ধরে লেবাননের হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ইরাকভিত্তিক মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের স্থাপনায় আঘাত হেনেছে। কিন্তু হুতিদের এই নীরবতা অনেকের কাছেই অপ্রত্যাশিত।
বিশ্লেষকদের মতে, এর পেছনে থাকতে পারে কৌশলগত ধৈর্য। আন্তর্জাতিক সংকট বিষয়ক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’-এর বিশেষজ্ঞ মাইকেল হান্না বলেন, ‘আমরা নিশ্চিতভাবে কারণ জানি না। তবে একটি সম্ভাবনা হলো, ভবিষ্যতে বড় ধরনের উত্তেজনা তৈরির জন্য হুতিদের এই হামলাকে সংরক্ষণ করে রাখছে ইরান।’
এদিকে পারস্য উপসাগরের প্রবেশমুখে ইরানের হরমুজ প্রণালি অবরোধের কারণে ইতিমধ্যেই জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যদি লোহিত সাগরেও হামলা শুরু হয়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতিতে আরও বড় ধাক্কা দিতে পারে।
আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সামনে এসেছে সম্ভাব্য সমঝোতা। মিসরের সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষক সামির রাঘেব মনে করেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে হুতিদের একটি অঘোষিত সমঝোতা থাকতে পারে, যা তাদের আপাতত হামলা থেকে বিরত রেখেছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে হামলা চালালে তারা এই সমর্থন হারানোর ঝুঁকিতে পড়বে।’
এ ছাড়া অভ্যন্তরীণ চাপও একটি বড় কারণ হতে পারে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের চাপে হুতিরা নিজেদের ক্ষমতা ধরে রাখতেই ব্যস্ত বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
তবে কায়রোভিত্তিক গবেষক সালমা হাসান মনে করেন, হুতিদের এই নীরবতার নেপথ্যে থাকতে পারে মোক্ষম সময় এবং কৌশলগত সংকেতের বিষয়। তিনি বলেন, ‘তারা সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়া যায়।’
সব মিলিয়ে, হুতিদের এই নীরবতা আপাত স্বস্তি এনে দিলেও, এটি যে ঝড়ের আগের নিস্তব্ধতা নয়—তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের ঠিক তলদেশে একটি সক্রিয় ভূগর্ভস্থ চ্যুতি বা ফল্ট লাইনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন চীনের সরকারি ভূবিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলের এই ফল্ট লাইনটি নির্মাণাধীন মেগা...
৬ ঘণ্টা আগে
দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়ে গেছে। আজ আবার তিনি বলছেন, যুদ্ধবিরতি শেষ হলেও ইরানের অনুরোধে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে...
৯ ঘণ্টা আগে
তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে...
১০ ঘণ্টা আগে
অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণের পাশাপাশি মাঝেমধ্যে বিনোদনের ব্যবস্থা করতেন ফিলিস্তিনি সমাজকর্মী মোহাম্মদ আল-ওয়াহিদি। সম্প্রতি গাজা সিটি, দেইর আল-বালাহ এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি অঞ্চলের শরণার্থীশিবিরগুলোতে বড় পর্দায় ২০২৬ বিশ্বকাপের কিছু ম্যাচ প্রদর্শনের উদ্যোগ নিয়ে তিনি...
১০ ঘণ্টা আগে