Ajker Patrika

কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৭

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৬: ৩৬
কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১৭
রাশিয়ার হামলায় কিয়েভের একটি এলাকায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। ছবি: এএফপি

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আজ বুধবারের এই হামলায় অন্তত ১৭ জন নিহত এবং বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের গুদাম ও লজিস্টিকস কেন্দ্র ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে (বুধবার) একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা। ইউক্রেনের রাজধানীর আকাশে আগুনের লেলিহান শিখা দেখা যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া তার আকাশযুদ্ধ আরও জোরদার করায় প্রতি তিন থেকে চার দিন পরপরই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতি আবারও মানুষের প্রাণহানির কারণ হয়েছে। তিনি ইউক্রেনের মিত্র দেশগুলোর প্রতি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা বা ইন্টারসেপ্টর পুনরায় সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ১১৫টি ড্রোনের মধ্যে প্রায় ৯০ শতাংশ ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি জিরকন ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটিকেও ঠেকাতে পারেনি তারা।

কয়েক মাস ধরে ইউক্রেনের কাছে মার্কিন নির্মিত প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থার জন্য ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট চলছে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম ইউক্রেনের অস্ত্রভান্ডারে এটিই একমাত্র ব্যবস্থা। এসব ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি গতিতে ছুটে আসে।

এই সময়ের মধ্যেই রাশিয়া কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে। চলতি বছর যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে যাওয়ার পরই এসব হামলা আরও বেড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল গুদাম, অবকাঠামো ও একটি রেলস্টেশন। তিনি জানান, একটি ব্রুয়ারি, নির্মাণসামগ্রীর গুদাম এবং অন্যান্য বেসামরিক লজিস্টিকস স্থাপনাও ধ্বংস হয়েছে। তিনি আরও বলেন, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরগুলো আজ যারা নিহত হয়েছেন, তাদের জীবন বাঁচাতে পারত।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অংশীদারদের জন্য এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এসব সরবরাহে বিলম্ব, কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিতে অনিচ্ছা, সরাসরি এমন ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের দিকে নিয়ে যায়।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে সাতটি লজিস্টিকস কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মন্ত্রণালয়টির অভিযোগ, এসব স্থাপনা দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য এবং ড্রোনের যন্ত্রাংশ সংরক্ষণ ও বিতরণের কাজে ব্যবহৃত হতো।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে, চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যেও পশ্চিমা অংশীদারদের কাছ থেকে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার ওপর ভর করে ইউক্রেনের অর্থনীতি বিস্ময়করভাবে স্থিতিস্থাপকতা দেখিয়েছে। তবে চলতি বছর ব্যবসায়িক ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।

গত মাসে মন্ত্রিসভা পুনর্বিন্যাসের মাধ্যমে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী সের্হি কোরেতস্কি বলেছেন, লজিস্টিকস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, তা নির্ধারণে সরকার ব্যবসায়ীদের সঙ্গে একটি জরুরি বৈঠক করবে।

কিয়েভ প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার পিএসি–৩ ক্ষেপণাস্ত্রের আরও সরবরাহ চেয়েছে। এটি প্যাট্রিয়ট ব্যবস্থার সর্বাধুনিক ধরনের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং ইউক্রেনে নিক্ষেপ করা রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হাতে গোনা কয়েকটি অস্ত্রের একটি। আলোচনার বিষয়ে অবগত চারটি সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি চুক্তির ব্যাপারে সংশয় প্রকাশ করলেও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সুযোগ দেওয়ার লক্ষ্যে আলোচনা এগিয়ে নিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত