
শিরোনামে উল্লিখিত সংক্ষিপ্ত নামটি ভারতীয় এবং বাংলাদেশিদের কাছে পরিচিত মনে হতে পারে। তবে এই বিজেপির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় পার্টি, যার সংক্ষিপ্ত রূপ বিজেপি একটি আসন পেয়েছে। ভোলা-১ আসন থেকে জয়ী হয়েছেন আন্দালিভ রহমান পার্থ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি আন্দালিভ রহমান পার্থর দল বাংলাদেশ জাতীয় পার্টিকে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে সাযুজ্য টেনে একটি শিরোনাম করেছে। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচনে বিজেপির প্রথম পদচিহ্ন, ১ আসনে জয়ী।’
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ২৯৭টি আসনের ফল অনুযায়ী বিএনপি ও তাদের মিত্ররা পেয়েছে ২১২টি আসন। এককভাবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বিএনপির মিত্রদের মধ্যে গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে। অন্যদিকে বিরোধী জোট জামায়াত ও মিত্ররা পেয়েছে ৭৭টি আসন। শুক্রবার ইসি প্রকাশিত সর্বশেষ ফল অনুযায়ী জামায়াত পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন।
মোট ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়। প্রার্থী ছিলেন ২ হাজার ২৮ জন। এর মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি। নির্বাচনে ৮৩ জন নারী প্রার্থী অংশ নেন। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী পার্থ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট। তিনি পরাজিত করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলামকে। নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট।
১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে পার্থ ভোলাকে দক্ষিণাঞ্চলের ‘তিলোত্তমা’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি বলেন, ভোলাকে আধুনিক ও সুন্দর শহরে রূপান্তর করা হবে। তাঁর অগ্রাধিকার তালিকায় ছিল ভোলা-বরিশাল সেতু নির্মাণ, একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া। তিনি প্রতিশ্রুতি দেন, ভোলার প্রতিটি পরিবারকে গ্যাস সংযোগ নিশ্চিত করবেন। দীর্ঘদিনের প্রত্যাশিত ভোলা-বরিশাল সেতু প্রকল্প বাস্তবায়ন করবেন।
এ ছাড়া ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করে স্বাস্থ্যসেবা উন্নত করার কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন। জেলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
পার্থ বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই অঞ্চলের প্রতি বিশেষ গুরুত্ব দেন।
আন্দালিভ রহমান পার্থ কে
পার্থ একজন রাজনীতিক, শিক্ষাবিদ ও আইনজীবী। তিনি ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ঢাকার ব্রিটিশ স্কুল অব ল-এর অধ্যক্ষ। ২০০৮ সালে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। সে সময় তিনি চারদলীয় জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করেন।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংসদের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কমিটি ছিল তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত। বর্তমানে এর নাম জনপ্রশাসন মন্ত্রণালয়। পার্থ ভোলা-১ আসনের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নাজিউর রহমান মঞ্জু এবং শেখ রেবা রহমানের ছেলে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রকে ‘ইউরোপের সন্তান’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, দুই মহাদেশের একসঙ্গে থাকা উচিত। তবে আবেগপূর্ণ ভাষায় তিনি এক কঠোর শর্ত হাজির করে নতুন অংশীদারিত্বের প্রস্তাব দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
কিছুদিন আগে আমার কর্মস্থলে এক সহকর্মী বললেন, ‘তোমার জেনে ভালো লাগবে যে আমি প্রবাসী ভোটটা দিয়ে দিয়েছি।’ ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই আন্দোলনে শত শত শিক্ষার্থী নিহত হয়েছিল। সাম্প্রতিক আলাপ থেকে জানলাম, আমার
২৮ মিনিট আগে
মার্কিন আদালতে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ সালে একজন ভাড়াটে খুনি (হিটম্যান) নিয়োগের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছিলেন।
৪২ মিনিট আগে
কুখ্যাত যৌন অপরাধী ও দণ্ডিত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের মৃত্যুর কারণ নতুন করে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তাঁর ময়নাতদন্তের সময় উপস্থিত থাকা চিকিৎসক ডা. মাইকেল ব্যাডেন। তিনি দাবি করেন, এপস্টেইনের মৃত্যু গলায় ফাঁস দিয়ে নয়, শ্বাসরোধের কারণে হয়েছে।
১ ঘণ্টা আগে