
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ রোববার জানিয়েছেন, ইরানের সঙ্গে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে তাঁর আলোচনাকারী দল পাকিস্তান ত্যাগ করছে। আজ ভোরের দিকে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স এই অবস্থান জানান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ভ্যান্স আলোচনার ত্রুটিগুলো উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, এটি (চুক্তিতে পৌঁছাতে না পারা) যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। সুতরাং আমরা কোনো চুক্তিতে না পৌঁছেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমাদের রেড লাইন বা চূড়ান্ত সীমাগুলো কী, তা আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’ ভ্যান্স জানান, আলোচনা চলাকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত ছয়বার কথা বলেছেন।
ইসলামাবাদের এই আলোচনা ছিল এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথম সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক এবং ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। এই আলোচনার ফলাফল ভঙ্গুর দুই সপ্তাহের যুদ্ধবিরতির ভাগ্য এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ধারণ করতে পারে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বন্ধ করে রেখেছে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এবং হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের সরকার জানিয়েছে, আলোচনা শেষ হয়েছে এবং উভয় পক্ষের কারিগরি বিশেষজ্ঞরা নথিপত্র আদান-প্রদান করবেন। পোস্টে আরও বলা হয়, ‘কিছু মতপার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা অব্যাহত থাকবে’, তবে কবে নাগাদ তা পুনরায় শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
মধ্যস্থতাকারী পাকিস্তানের একটি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বিরতিতে যাওয়ার আগে ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন।
ইরানি প্রতিনিধিদল গত শুক্রবার কালো পোশাক পরে পাকিস্তানে উপস্থিত হয়, যা প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং যুদ্ধে নিহত অন্যদের শোকের প্রতীক। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা একটি সামরিক কম্পাউন্ডের পাশের স্কুলে মার্কিন বোমাবর্ষণে নিহত কয়েকজন শিক্ষার্থীর জুতা ও ব্যাগ সঙ্গে নিয়ে এসেছিলেন। পেন্টাগন জানিয়েছে, ওই হামলার বিষয়টি তদন্তাধীন। তবে রয়টার্স প্রতিবেদন করেছে, সামরিক তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্রই দায়ী।
প্রথম দফার আলোচনার প্রেক্ষাপটে অন্য একটি পাকিস্তানি সূত্র জানায়, ‘দুই পক্ষের মধ্যেই মেজাজের পরিবর্তন লক্ষ করা গেছে এবং বৈঠকের সময় পরিস্থিতির উত্তাপ বারবার ওঠানামা করেছে।’
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার জন্য ২০ লাখের বেশি মানুষের শহর ইসলামাবাদকে হাজার হাজার আধা সামরিক বাহিনী এবং সেনা মোতায়েন করে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পাকিস্তানের এই মধ্যস্থতাকারীর ভূমিকা দেশটির জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন। কারণ, এক বছর আগেও দেশটি কূটনৈতিকভাবে একঘরে অবস্থায় ছিল।
আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করার কাজ শুরু করার জন্য ‘শর্ত নির্ধারণ’ করছে। যুদ্ধবিরতি আলোচনার কেন্দ্রে রয়েছে এই হরমুজ প্রণালি। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তাদের দুটি যুদ্ধজাহাজ প্রণালিটি অতিক্রম করেছে এবং মাইন পরিষ্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে, যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মার্কিন জাহাজ চলাচলের বিষয়টি অস্বীকার করেছে।
আলোচনা শুরুর আগে ইরানের এক উচ্চপদস্থ সূত্র রয়টার্সকে জানিয়েছিল, কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা সম্পদ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে এক মার্কিন কর্মকর্তা অর্থ ছাড়ের বিষয়ে সম্মতির কথা অস্বীকার করেছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং কর্মকর্তাদের মতে, বিদেশে আটকে থাকা সম্পদ অবমুক্ত করার পাশাপাশি তেহরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং লেবাননসহ পুরো অঞ্চলজুড়ে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে। এ ছাড়া তেহরান হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বা পারাপারের মাশুল আদায় করতে চায়।
ট্রাম্পের ঘোষিত লক্ষ্যগুলোতে পরিবর্তন এলেও ন্যূনতম পক্ষ হিসেবে তিনি বিশ্বব্যাপী নৌ চলাচলের জন্য প্রণালিটি উন্মুক্ত রাখা এবং ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পঙ্গু করে দেওয়া নিশ্চিত করতে চান, যাতে তারা পারমাণবিক বোমা তৈরি করতে না পারে।
যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল, যারা ২৮ ফেব্রুয়ারিতে ইরানের ওপর হামলায় অংশ নিয়ে যুদ্ধ শুরু করেছিল, তারা লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। ইসরায়েল বলছে, ওই সংঘাত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অংশ নয়। সব মিলিয়ে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এখন তুঙ্গে।

দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক ম্যারাথন শেষে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ইসলামাবাদ আলোচনা। তবে বৈঠকের সমাপ্তি ঘটলেও তেহরানের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর বার্তা দেওয়া হয়েছে। ইরানের একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র জানিয়েছে...
১ ঘণ্টা আগে
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে ইসরায়েল ও লেবাননে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে শুরু হওয়া যুদ্ধে মোট নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
১ ঘণ্টা আগে
তাইওয়ানের জন্য ১০টি নতুন প্রণোদনা ঘোষণা করেছে চীন। এর মধ্যে রয়েছে পর্যটন সীমাবদ্ধতা শিথিল করা, ‘মানসম্মত’ টেলিভিশন নাটক সম্প্রচারের অনুমতি এবং খাদ্যপণ্য বিক্রি সহজ করা। দ্বীপটির বিরোধী দলীয় নেত্রী চেং লি–উনের চীন সফরের পরই এই পদক্ষেপ নিল বেইজিং।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানে একটি পিকনিক স্পটে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের ইনজিল জেলায় গত শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে