Ajker Patrika

ভিসার নিয়ম ভাঙলে ৩ কোটি টাকা জরিমানা ও ১০ বছর নিষিদ্ধ, বিল উঠছে মার্কিন কংগ্রেসে

আজকের পত্রিকা ডেস্ক­
ভিসার নিয়ম ভাঙলে ৩ কোটি টাকা জরিমানা ও ১০ বছর নিষিদ্ধ, বিল উঠছে মার্কিন কংগ্রেসে
এইচ-১বি কর্মসূচি মার্কিন নাগরিকদের স্টেম খাতে ক্যারিয়ার গড়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে। ছবি: আনাদুলো এজেন্সি

এইচ-১বি ভিসা কর্মসূচির নিয়ম লঙ্ঘন করলে মার্কিন নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা জরিমানা গুনতে হতে পারে। এমনকি নিয়োগদাতাদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বিদেশি নিয়োগ থেকে নিষিদ্ধও করা হতে পারে।

নিউজউইকের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপিত নতুন একটি বিলে ইচ্ছাকৃতভাবে এইচ-১বি ভিসার নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর জরিমানা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

গত ১ অক্টোবর টেক্সাসের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ বেথ ভ্যান ডুইনে ‘এইচ-১বি ভিসা ফ্রড ক্র্যাকডাউন অ্যাক্ট’ নামের বিলটি উত্থাপন করেন।

প্রস্তাবিত পরিবর্তনগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হলো মার্কিন কর্মীদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে। এ ধরনের লঙ্ঘনের জরিমানা ৩৫ হাজার ডলার বা প্রায় ৪৩ লাখ ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৩ কোটি ৮ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ধরনের লঙ্ঘনের জন্য দায়ী নিয়োগদাতাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদও ন্যূনতম তিন বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া ইচ্ছাকৃতভাবে এইচ-১বি ভিসার আরও কিছু নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ৫ হাজার ডলার বা প্রায় ৬ লাখ ১৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ২৩ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এসব ক্ষেত্রে ন্যূনতম নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার কথা বলা হয়েছে।

বিলে নথিপত্র জালিয়াতির ক্ষেত্রেও জরিমানা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নথিসংক্রান্ত এক ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে বর্তমানে ২৫০ থেকে ২ হাজার ডলার পর্যন্ত জরিমানা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ৮০০ টাকা থেকে ২ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। প্রস্তাবিত আইনে তা বাড়িয়ে ১ হাজার থেকে ১০ হাজার ডলার করার কথা বলা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৩ হাজার ২০০ টাকা থেকে ১২ লাখ ৩২ হাজার টাকা।

আরেক ধরনের নথিসংক্রান্ত লঙ্ঘনের ক্ষেত্রে বর্তমানে ২ হাজার থেকে ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা থেকে ৬ লাখ ১৬ হাজার টাকা। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ২০ হাজার থেকে ৫০ হাজার ডলার করার কথা বলা হয়েছে, যা প্রায় ২৪ লাখ ৬৪ হাজার টাকা থেকে ৬১ লাখ ৬০ হাজার টাকা।

টেক্সাসের রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ বেথ ভ্যান ডুইনে বলেছেন, এইচ-১বি ভিসা কর্মসূচির অপব্যবহার ঠেকানোর জন্য বর্তমানে যে জরিমানা রয়েছে, তা যথেষ্ট নয়।

নিউজউইককে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কর্মসূচিটির ব্যাপক অপব্যবহার হয়েছে। কোনো কোম্পানি ইচ্ছাকৃতভাবে এইচ-১বি ভিসার নিয়ম ভঙ্গ করলে তাদের গুরুতর আর্থিক পরিণতির মুখোমুখি হওয়া উচিত।

বিলটির সহউদ্যোক্তা হিসেবে টেক্সাসের আরও পাঁচ রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ রয়েছেন। তাঁরা হলেন ব্র্যান্ডন গিল, পিট সেশনস, কিথ সেলফ, ব্রায়ান বাবিন ও প্যাট ফ্যালন।

এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বিশেষায়িত পেশায় বিদেশি কর্মীদের নিয়োগ দিতে পারে। তবে প্রস্তাবিত নতুন জরিমানা এইচ-১বি ভিসাধারী কর্মীদের জন্য নয়; বরং কর্মসূচির নিয়ম লঙ্ঘনকারী নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য।

এখন পর্যন্ত বিলটি শুধু প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে। এটি প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। বর্তমানে বিলটির পক্ষে পাঁচজন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ সহউদ্যোক্তা হিসেবে রয়েছেন।

প্রস্তাবিত জরিমানাগুলো আইনে পরিণত করতে হলে বিলটিকে প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হতে হবে। এরপর প্রেসিডেন্ট এতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত