
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। আজ শনিবার (২৮ মার্চ) কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জেলেনস্কি।
প্রথমে তিনি আবুধাবিতে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। এরপর কাতারের দোহায় যান।
আবুধাবিতে বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি জানান, আমরা নিরাপত্তা ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা করতে সম্মত হয়েছি। আমাদের বিশেষজ্ঞ দল এখন চুক্তির বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করবে।
তিনি আরও বলেন, বর্তমান হুমকির মুখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জীবন রক্ষা করা সব রাষ্ট্রের জন্যই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ইউক্রেনের বিশেষ দক্ষতা রয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে গত চার বছর ধরে ইরানি ড্রোন (শাহেদ ড্রোন) ভূপাতিত করার যে অভিজ্ঞতা ইউক্রেন অর্জন করেছে, তা এখন আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর সুরক্ষায় ব্যবহার করা হবে। জেলেনস্কি জানান, ইতিমধ্যে কিছু ইউক্রেনীয় বিশেষজ্ঞ আরব আমিরাতে অবস্থান করছেন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে কাজ করছেন।
ইউক্রেন প্রস্তাব দিয়েছে, তারা উপসাগরীয় দেশগুলোর ব্যবহৃত দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে নিজেদের তৈরি সাশ্রয়ী ও কার্যকর ইন্টারসেপ্টর ড্রোন সরবরাহ করবে।
বৈঠকে দুই নেতা আমিরাত ও বৃহত্তর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং বিশ্ব তেলের বাজারে এর প্রভাব নিয়ে বিস্তারিত কথা হয়। আমিরাতি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বলেন, তাঁর দেশ ‘ধৈর্য ও প্রজ্ঞার’ সঙ্গে এই সংকট মোকাবিলা করছে, তবে বেসামরিক অবকাঠামো রক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা পুরোপুরি প্রস্তুত।
সংযুক্ত আরব আমিরাতে আসার এক দিন আগে জেলেনস্কি সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও একই ধরনের প্রতিরক্ষা চুক্তি সই করেছেন।
ইরানি ড্রোন মোকাবিলায় কাতারও ইউক্রেনের সঙ্গে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ আবুধাবিতে বৈঠকের পর দোহায় যান জেলেনস্কি। সেখানে কাতারের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। গতকাল সৌদি আরবের সঙ্গে করা প্রতিরক্ষা চুক্তির আদলেই এই দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তিটি করা হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা, যৌথ প্রকল্প উন্নয়ন, প্রতিরক্ষা খাতে বিনিয়োগ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
কাতারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট জেলেনস্কি লিখেছেন, ‘আমরা এমন সব বিষয়ে আলোচনা করেছি যা উভয় দেশের মানুষের সুরক্ষা আরও শক্তিশালী করবে। আমরা প্রতিরক্ষা খাতে অন্তত ১০ বছরের জন্য একটি পারস্পরিক সুবিধাজনক অংশীদারিত্বের বিষয়ে একমত হয়েছি।’

হোমল্যান্ড সিকিউরিটির প্রকাশিত তালিকা অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশিরা হলেন—ফোর্ট স্কট, কানসাসের কাজী আবু সাঈদ। তাঁর বিরুদ্ধে অভিযোগ—অপ্রাপ্তবয়স্কের ওপর নিপীড়ন-শোষণ, অবৈধ জুয়া পরিচালনা এবং জুয়া সংক্রান্ত অপরাধ।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্রে এয়ার বেস থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ল্যান্ডস্যাট-৯ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিমান ঘাঁটির টারম্যাকের একটি অংশ থেকে আগুনের কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে।
২ ঘণ্টা আগে
যাত্রাপথে তাঁরা দিক হারিয়ে ফেলেন এবং দীর্ঘ ছয় দিন খাদ্য ও পানীয় ছাড়া সমুদ্রে ভাসতে থাকেন। প্রতিকূল আবহাওয়ার কারণে চরম অবসাদে ২২ জনের মৃত্যু হয়। তাঁদের মরদেহ পাচারকারীদের নির্দেশে ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সাক্ষাৎকারে ভান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের অধিকাংশ সামরিক লক্ষ্য অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় অভিযান চালিয়ে যেতে চান, যাতে ভবিষ্যতে আবারও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।
৩ ঘণ্টা আগে