Ajker Patrika

স্মার্টফোন, রিলসের যুগেও কেন সারাদিন রেডিও শোনেন তরুণ আফ্রিকানরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩১ জুলাই ২০২৬, ১৯: ৫৩
স্মার্টফোন, রিলসের যুগেও কেন সারাদিন রেডিও শোনেন তরুণ আফ্রিকানরা
ছবি: দ্য ইকোনমিস্ট

ডিজিটাল যুগে কেনিয়ার যোগাযোগ কর্তৃপক্ষ এমন এক সমস্যার মুখোমুখি হয়েছে, যা শুনতে কিছুটা অদ্ভুতই মনে হতে পারে। জানা গেছে, দেশটির রেডিও তরঙ্গপথে এত ভিড় যে, নতুন স্টেশনের জন্য জায়গা ফুরিয়ে যাচ্ছে। কেনিয়ায় বর্তমানে ২৫০ টির বেশি এফএম রেডিও স্টেশন রয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু নতুন স্টেশন সম্প্রচারের অনুমতির অপেক্ষায়। রাজধানী নাইরোবির মতো বড় শহরগুলোতে রেডিও উদ্যোক্তারা বলছেন, নতুন স্টেশনের জন্য আর তেমন কোনো ফ্রিকোয়েন্সি খালি নেই।

সমগ্র আফ্রিকায় রেডিওর বিস্ময়কর জনপ্রিয়তারই প্রতিফলন এই পরিস্থিতি। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তারে মনে হতে পারে, মানুষের মনোযোগের লড়াইয়ে রেডিও হয়তো পিছিয়ে পড়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। গত এপ্রিলে প্রকাশিত আফ্রোব্যারোমিটারের এক জরিপ বলছে, আফ্রিকাজুড়ে সংবাদ জানার ক্ষেত্রে রেডিওর প্রভাব এখনো বেশ শক্তিশালী।

আফ্রিকায় রেডিও সম্প্রচার শুরু হয়েছিল ১৯২০-এর দশকে। ঔপনিবেশিক শাসকেরা প্রচারণার হাতিয়ার হিসেবে তখন রেডিও ব্যবহার করত। পরে স্বাধীনতা আন্দোলনগুলোও গোপন রেডিও স্টেশনের মাধ্যমে প্রতিরোধ সংগঠিত করেছিল। ১৯৬০-এর দশকে স্বাধীনতার পর বিভিন্ন সরকার ট্রানজিস্টর রেডিও সহজলভ্য করতে ভর্তুকি দেয়। তবে রেডিও কখনো কখনো ভয়ঙ্কর অপপ্রচারের মাধ্যমও হয়েছে। ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যার আগে একটি রেডিও স্টেশন তুতসি জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তবে বর্তমানে রেডিওর চিত্র অনেকটাই বদলে গেছে। আফ্রোব্যারোমিটারের তথ্য অনুযায়ী—শহর ও গ্রাম মিলিয়ে প্রায় ৬০ শতাংশ মানুষ সপ্তাহে একাধিকবার রেডিওতে সংবাদ শোনেন। তরুণদের মধ্যেও এর জনপ্রিয়তা কম নয়। ১৮ থেকে ৩৫ বছর বয়সী আফ্রিকানদের প্রায় ৫৫ শতাংশ নিয়মিত রেডিও থেকে সংবাদ পান; সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষেত্রে এই হার ৫৮ শতাংশ।

সম্প্রতি এক প্রতিবেদনে ‘দ্য ইকোনমিস্ট’ জানায়, আফ্রিকার দেশগুলোতে রেডিওর এই জনপ্রিয়তার অন্যতম কারণ এর কম খরচ ও সহজলভ্যতা। সস্তা মোবাইল ফোনেও এফএম রেডিও থাকে, আর রেডিও শুনতে ব্যয়বহুল মোবাইল ডেটার প্রয়োজন হয় না। বড় শহরগুলোর যানজটে আটকে থাকা মানুষও রেডিও অনুষ্ঠানে ফোন করে অংশ নেন।

ইন্টারনেট বরং রেডিওর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিচ্ছে। রেডিওর জনপ্রিয় উপস্থাপকেরাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমেও তারকা হয়ে উঠছেন। আর ফ্রিকোয়েন্সির সংকট মোকাবিলায় কেনিয়া ডিএবি বা ডিজিটাল অডিও ব্রডকাস্টিং প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করছে, যাতে একই তরঙ্গপথে আরও বেশি স্টেশন সম্প্রচার করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত