
বাংলাদেশে তরুণ ডায়াবেটিস রোগীদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ‘ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং’ বা ‘মডি’ নামের বিশেষ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণায় এই দাবি করা হয়েছে। গবেষণার তথ্য অনুযায়ী, সন্দেহভাজন তরুণ রোগীদের প্রায় প্রতি পাঁচজনের মধ্যে একজনের শরীরে এই ধরনের ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত জিনগত পরিবর্তন পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিএমইউর শহীদ ডা. মিলন হলে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। সেখানে জানানো হয়, ‘ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়াং’ বা মডি-সংক্রান্ত কিছু জিনে পরিবর্তন শনাক্ত হয়েছে, যা এই রোগের উপস্থিতির ইঙ্গিত দেয়।
গবেষকদের ভাষ্য অনুযায়ী, এসব জিনগত বৈশিষ্ট্য পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন এবং বেশিরভাগ ক্ষেত্রেই কম পরিচিত জিনে এই পরিবর্তন দেখা গেছে। ফলে শুধু ক্লিনিক্যাল লক্ষণ দেখে মডি ও অন্যান্য ডায়াবেটিস আলাদা করা চিকিৎসকদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
তাঁরা আরও জানান, এই ফলাফল এখনো প্রাথমিক পর্যায়ের। চিকিৎসা ব্যবস্থায় সরাসরি প্রয়োগের আগে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন। কারণ, মডি ডায়াবেটিস টাইপ-১ বা টাইপ-২-এর মতো প্রচলিত শ্রেণিতে পড়ে না, অথচ সঠিকভাবে শনাক্ত করা না গেলে রোগীর চিকিৎসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।
‘ডিসেমিনেশন অব পাবলিশড পিএইচডি রিসার্চ অব ডা. মাশফিকুল হাসান’ শীর্ষক এই আয়োজনে জানানো হয়, দেশে তরুণদের মধ্যে ডায়াবেটিসের হার বাড়লেও অনেক ক্ষেত্রেই তা প্রচলিত শ্রেণিবিন্যাসের বাইরে থেকে যাচ্ছে।
গবেষণাটি ইঙ্গিত করছে, বাংলাদেশের মানুষের মধ্যে ডায়াবেটিসের জিনগত গঠন অন্যান্য অঞ্চলের তুলনায় আলাদা হতে পারে। ফলে বিদ্যমান নির্ণয় পদ্ধতি সব ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। এ কারণে স্থানীয় বাস্তবতা বিবেচনায় নতুন গবেষণা ও উপযোগী সমাধান উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, গবেষণাটি সম্প্রতি একটি আন্তর্জাতিক কিউ-১ মানের জার্নালে প্রকাশিত হয়েছে, যা এর বৈজ্ঞানিক গুরুত্বকে আরও জোরালো করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমইউ উপাচার্য এফ এম সিদ্দিকী বলেন, ‘দেশে জেনেটিক গবেষণা পরিচালনা করা কঠিন হলেও রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ বাড়ানো জরুরি।’
বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এ হাসানাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে গবেষক ডা. মাশফিকুল হাসানসহ অন্য বক্তারা অংশ নেন।

দেশে হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৪৮ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে...
১ দিন আগে
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
১ দিন আগে
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।
২ দিন আগে
হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৪৫১ জনের। এরপর রয়েছে সিলেট বিভাগ, যেখানে মারা গেছে ১৭৭ জন। এ ছাড়া চট্টগ্রামে ৮৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৬০, ময়মনসিংহে ৭৯, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে