Ajker Patrika

দেশে এক বছরে ২ হাজার ৩০৫ জনের এইচআইভির সংক্রমণ শনাক্ত, মৃত্যু ২৮৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৪: ৪২
দেশে এক বছরে ২ হাজার ৩০৫ জনের এইচআইভির সংক্রমণ শনাক্ত, মৃত্যু ২৮৫

দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি (এইডস) ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে এইডস আক্রান্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তের সংখ্যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত সাংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে দেশের এইচআইভি পরিস্থিতি ও সরকারি কার্যক্রমের বিস্তারিত তথ্য জানানো হয়।

এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘এনডিং এআইডিএস স্টাট উইথ অ্যাকসেস’। দিবসটি উপলক্ষে ১ ডিসেম্বর সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে র‍্যালি এবং পরে মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সরকারের তথ্য বলছে, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৬৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এ সময়ে ২ হাজার ৩০৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ২০২৫ সালে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। সে হিসাবে এক বছরে নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য বলে প্রেস নোটে উল্লেখ করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ৬১ শতাংশ। ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ২৪ শতাংশ এবং অন্যান্য বয়সীদের হার ১৫ শতাংশ।

আক্রান্ত ব্যক্তিদের বৈবাহিক অবস্থার তথ্য অনুযায়ী, ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ তালাকপ্রাপ্ত বা একা বসবাসকারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার এখনো শূন্য দশমিক ১ শতাংশের নিচে। তবে নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার তুলনামূলক বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের পেশা ও আচরণ বিশ্লেষণে দেখা গেছে, ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ ও পুরুষ যৌনকর্মী (এমএসএম/এমএসডব্লিউ), ১ শতাংশ তৃতীয় লিঙ্গের, ১ শতাংশ নারী যৌনকর্মী, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ৫ শতাংশ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন), ১১ শতাংশ বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪০ জন এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অর্থাৎ আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন। সরকারি ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে দেশে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০টি জেলার ২০টি সরকারি হাসপাতালে এইচআইভি টেস্টিং সেন্টার রয়েছে। এ ছাড়া ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও স্যাটেলাইট ও ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এইচআইভি আক্রান্ত রোগীদের বিনা মূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ সরবরাহ করছে সরকার। বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন রোগীকে এ ওষুধ দেওয়া হচ্ছে। ২০১৭ সাল থেকে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় সরকার বহন করছে।

এ ছাড়া দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এইচআইভি পরীক্ষার সেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। প্রেস নোটে বলা হয়েছে, প্রকল্পটি ইতিমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নীতিগত অনুমোদন পেয়েছে।

৪২ জেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যক্রম

দেশের ৪২টি জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষের মধ্যে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন শিরায় মাদক গ্রহণকারী, পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, নারী যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা।

এসব কার্যক্রমের আওতায় এইচআইভি প্রতিরোধ সামগ্রী বিতরণ, পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা, যৌনবাহিত রোগের ব্যবস্থাপনা, পিয়ার এডুকেশন এবং আচরণ পরিবর্তনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ ছাড়া দেশের ১১টি জেলার ১১টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ কার্যক্রমে উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলো সহায়তা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত