Ajker Patrika

পিরিয়ডের সময় কোন ৭ লক্ষণে সতর্ক হবেন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৯: ২৬
পিরিয়ডের সময় কোন ৭ লক্ষণে সতর্ক হবেন
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

প্রতিটি নারীর মাসিক বা পিরিয়ডের অভিজ্ঞতা আলাদা। কারও মাসিক দুই দিন থাকে, আবার কারও পুরো এক সপ্তাহ স্থায়ী হয়। রক্তপ্রবাহ কখনো হালকা হতে পারে, আবার কখনো অস্বস্তিকর মাত্রায় বেশি হতে পারে। কারও হালকা ব্যথা হয়, কারও তীব্র ব্যথা অনুভূত হয়, আবার অনেকের কোনো ব্যথাই হয় না।

মাসিক চক্র নিয়মিত ও স্বাভাবিক থাকলে সাধারণত চিন্তার কিছু নেই। তবে মাসিক চক্রে হঠাৎ কোনো পরিবর্তন বা অস্বাভাবিকতা দেখা দিলে সতর্ক থাকা জরুরি। এমন ৭টি লক্ষণের কথা তুলে ধরা হলো, যেগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

১. মাসিক বন্ধ হয়ে যাওয়া

অনেকের মাসিক নিয়মিত হয়, আবার অনেকের ক্ষেত্রে কিছুটা এদিক-সেদিক হতে পারে; তবে সাধারণত প্রতি ২৮ দিন পরপর মাসিক হয়। হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে গেলে এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে গর্ভধারণ একটি বড় কারণ, যা প্রেগনেন্সি টেস্টের মাধ্যমে সহজেই বোঝা যায়। গর্ভধারণ না হয়ে থাকলে নিচের কারণগুলোতেও মাসিক বন্ধ হতে পারে:

অতিরিক্ত ব্যায়াম বা শরীরের ওজন অনেক কমে যাওয়া। অতিরিক্ত ব্যায়াম এবং শরীরে চর্বির পরিমাণ কমে গেলে মাসিক নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।

হঠাৎ অনেক ওজন বেড়ে যাওয়া। এতে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হয়ে মাসিক অনিয়মিত হতে পারে।

একটানা জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন। কিছু হরমোনাল জন্মনিয়ন্ত্রণ বড়ি নিয়মিত সেবনে মাসিক কমে যেতে পারে, এমনকি বন্ধও থাকতে পারে।

পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস)। এ সমস্যায় হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ায় মাসিক অনিয়মিত হতে পারে এবং ডিম্বাশয়ে সিস্ট তৈরি হতে পারে।

অতিরিক্ত মানসিক চাপ। অতিরিক্ত দুশ্চিন্তা বা চাপে নিয়মিত মাসিক চক্রেও ছন্দপতন ঘটতে পারে।

পেরিমেনোপজ। বয়স ৪০ এর শেষভাগ বা ৫০ এর শুরুতে পৌঁছালে ইস্ট্রোজেনের মাত্রা কমতে শুরু করে, যা মেনোপজের আগের ধাপ। টানা ১২ মাস মাসিক বন্ধ থাকলে মেনোপজ হয়েছে ধরা হয়, তবে এর আগের বছরগুলোতে মাসিক বেশ ওঠানামা করতে পারে।

২. অতিরিক্ত রক্তপাত

মাসিকের রক্তপাতের পরিমাণ ব্যক্তিভেদে ভিন্ন হয়। সাধারণত প্রতি ঘণ্টায় একটি বা তার বেশি স্যানিটারি প্যাড বা ট্যাম্পন ভিজে গেলে সেটিকে মেনোরেজিয়া বা অস্বাভাবিক অতিরিক্ত রক্তপাত বলা হয়। অতিরিক্ত রক্তপাতের সঙ্গে ক্লান্তি বা শ্বাসকষ্টের মতো রক্তস্বল্পতার লক্ষণও দেখা দিতে পারে। প্রায় এক-তৃতীয়াংশ নারী কখনো না কখনো এ বিষয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। অতিরিক্ত রক্তপাতের সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে:

হরমোনের ভারসাম্যহীনতা: পিসিওএস বা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে যাওয়ার মতো সমস্যায় হরমোনের স্বাভাবিক উৎপাদন ব্যাহত হতে পারে। এতে জরায়ুর ভেতরের আস্তরণ বেশি পুরু হয়ে রক্তপাত বাড়তে পারে।

ফাইব্রয়েড বা পলিপ: জরায়ুতে তৈরি হওয়া এসব সাধারণত ক্যানসারবিহীন বৃদ্ধি অতিরিক্ত রক্তপাতের কারণ হতে পারে।

এন্ডোমেট্রিওসিস: জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরে, যেমন ডিম্বাশয় বা ফ্যালোপিয়ান টিউবে বেড়ে উঠলে এ সমস্যা হয়। এতে মাসিকের সময় ব্যথা ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।

অ্যাডেনোমায়োসিস: জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর পেশির দেয়ালের মধ্যে বেড়ে উঠলে এ সমস্যা হয়। এতে জরায়ুর দেয়াল পুরু হতে পারে এবং অতিরিক্ত রক্তপাত ও ব্যথা দেখা দিতে পারে।

জরায়ুর ভেতরে জন্মনিয়ন্ত্রণ যন্ত্র (আইইউডি): বিশেষ করে ব্যবহারের প্রথম বছরে কিছু আইইউডির কারণে রক্তপাত বেড়ে যেতে পারে।

রক্ত জমাট বাঁধার সমস্যা: ভন উইলেব্র্যান্ড রোগের মতো বংশগত কিছু রোগে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে অতিরিক্ত রক্তপাত হতে পারে।

গর্ভাবস্থাজনিত জটিলতা: গর্ভপাত বা জরায়ুর বাইরে গর্ভধারণের (একটোপিক প্রেগনেন্সি) কারণেও অতিরিক্ত রক্তপাত হতে পারে। অনেক সময় গর্ভধারণের বিষয়টি বোঝার আগেই এমনটি ঘটতে পারে।

ক্যানসার: জরায়ু বা জরায়ুমুখের ক্যানসারেও অতিরিক্ত রক্তপাত হতে পারে। তবে এসব ক্যানসার অনেক ক্ষেত্রে মেনোপজের পর শনাক্ত হয়।

৩. অস্বাভাবিকভাবে কম বা বেশি দিন মাসিক থাকা

সাধারণত মাসিক দুই থেকে সাত দিন স্থায়ী হতে পারে। কারও ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মাসিকের সময় কম হতে পারে। হরমোনাল জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করলেও মাসিকের সময় কমে যেতে পারে। আবার মেনোপজের আগের পর্যায়েও মাসিকের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসতে পারে।

তবে আগে নিয়মিত মাসিক হলেও হঠাৎ রক্তপাতের সময় অনেক কমে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অন্যদিকে হরমোনের ভারসাম্যহীনতা, জরায়ুর ফাইব্রয়েড বা পলিপের কারণে মাসিক দীর্ঘস্থায়ী হতে পারে।

৪. তীব্র ব্যথা

মাসিকের সময় পেট বা তলপেটে ব্যথা হওয়া সাধারণ বিষয়। জরায়ুর সংকোচনের ফলে জরায়ুর ভেতরের আস্তরণ বেরিয়ে যাওয়ার সময় এই ব্যথা হয়। সাধারণত মাসিক শুরুর এক বা দুই দিন আগে ব্যথা শুরু হয়ে দুই থেকে চার দিন থাকে। কারও ব্যথা সামান্য হয়, আবার কারও ব্যথা অনেক তীব্র হতে পারে, যাকে ডিসমেনোরিয়া বলা হয়। তীব্র ব্যথার অন্যান্য সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে:

জরায়ুর ফাইব্রয়েড

জরায়ুর ভেতরে জন্মনিয়ন্ত্রণ যন্ত্র (আইইউডি)

এন্ডোমেট্রিওসিস

অ্যাডেনোমায়োসিস

পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি)

যৌনবাহিত সংক্রমণ

অতিরিক্ত মানসিক চাপ

৫. দুই মাসিকের মাঝামাঝি সময়ে রক্তপাত

মাসিকের নির্ধারিত সময়ের বাইরে হালকা রক্তপাত বা স্পটিং হওয়ার কয়েকটি কারণ থাকতে পারে। জন্মনিয়ন্ত্রণ বড়ি পরিবর্তনের কারণেও এমনটা হতে পারে। তবে সব ক্ষেত্রে বিষয়টি সাধারণ নয়। মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তপাতের সম্ভাব্য কারণ—

জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন থেকে বাদ দেওয়া বা পরিবর্তন করা

ক্ল্যামাইডিয়া বা গনোরিয়ার মতো যৌনবাহিত সংক্রমণ

পিসিওএস

সহবাসের সময় যোনিপথে আঘাত

জরায়ুর পলিপ বা ফাইব্রয়েড

গর্ভধারণ

জরায়ুর বাইরে গর্ভধারণ বা গর্ভপাত

পেরিমেনোপজ

জরায়ুমুখ, ডিম্বাশয় বা জরায়ুর ক্যানসার

এ ধরনের রক্তপাত বারবার হলে বা কারণ স্পষ্ট না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৬. স্তনে ব্যথা

মাসিকের আগে বা সময় স্তনে হালকা ব্যথা বা স্পর্শকাতরতা দেখা দিতে পারে। সাধারণত হরমোনের মাত্রার পরিবর্তনের কারণে এমনটা হয়। কখনো বগলের কাছেও ব্যথা অনুভূত হতে পারে, কারণ ওই অঞ্চলেও স্তনের কিছু টিস্যু থাকে। তবে স্তনে ব্যথা যদি মাসিক চক্রের সঙ্গে সম্পর্কিত না হয়, দীর্ঘস্থায়ী হয় বা নতুনভাবে শুরু হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্তনে ব্যথা সাধারণত ক্যানসারের লক্ষণ নয়, তবে বিরল ক্ষেত্রে এটি ক্যানসারের উপসর্গও হতে পারে।

৭. ডায়রিয়া বা বমি

মাসিকের সময় অনেক নারীর পেটের সমস্যা দেখা দেয়। একটি গবেষণায় দেখা গেছে, ৭৩ শতাংশ নারী মাসিকের আশপাশের সময়ে পেটব্যথা, ডায়রিয়া অথবা দুটিই হওয়ার কথা জানিয়েছেন।

তবে যাঁদের ক্ষেত্রে এসব উপসর্গ স্বাভাবিক নয়, তাঁদের সতর্ক হওয়া প্রয়োজন। ডায়রিয়া বা বমি অতিরিক্ত হলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা নতুন করে শুরু হলে বা তীব্র হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কখনো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজসহ (পিআইডি) অন্য শারীরিক সমস্যার কারণেও এমন উপসর্গ দেখা দিতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

মাসিকের ধরনে হঠাৎ পরিবর্তন, অতিরিক্ত রক্তপাত, তীব্র ব্যথা, মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তপাত কিংবা নতুন কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। এ সময় প্রয়োজনীয় চিকিৎসা নিতে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র: হেলথলাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত