Ajker Patrika

শিশুর সংখ্যা ঠিক না করে দেওয়া হচ্ছে টিকা

• তিন দফায় ২ কোটি ১৭ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে

• সরকার বলছে, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি দেওয়া হয়েছে টিকা

• তবে টিকার উপযুক্ত শিশুর প্রকৃত সংখ্যা কর্তৃপক্ষের হাতে নেই

• বিশেষজ্ঞরা বলছেন, ৯৫% শিশুকে টিকার আওতায় আনতে হবে

মুহাম্মাদ শফিউল্লাহ, ঢাকা
শিশুর সংখ্যা ঠিক না করে দেওয়া হচ্ছে টিকা
জ্বরে আক্রান্ত শিশুর পাশে উদ্বিগ্ন অভিভাবক। দেশে কয়েক মাস ধরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা কেবলই বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। গতকাল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ পর্যন্ত তিন দফায় ২ কোটি ১৭ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। ঠিকাদান কর্মসূচি শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়ার তথ্য দিয়েছে সরকার। এরপরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির সাফল্য মূল্যায়নে শুধু কত শিশুকে টিকা দেওয়া হয়েছে, তা জানলেই হয় না। মোট কত শিশু টিকার আওতায় আসার যোগ্য, সেই সংখ্যাও নির্ভুলভাবে নির্ধারণ করা জরুরি। লক্ষ্যমাত্রা কম হলে কাগজে-কলমে টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও প্রকৃতপক্ষে অনেক শিশু টিকার বাইরে থেকে যেতে পারে। টিকা পাওয়ার উপযুক্ত অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন। এই লক্ষ্য অর্জন করতে হলে দেশে এই মুহূর্তে টিকা পাওয়ার উপযোগী কত শিশু আছে এবং নতুন জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতি মাসে কত সংখ্যক সেই তালিকায় যুক্ত হচ্ছে, সেই হিসাব হাতে থাকা প্রয়োজন। কিন্তু সেই হিসাব দিতে পারছে না সরকার।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড কমিউনিটি পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক ডা. আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হামের টিকাদানের হার এখনো ৯৫ শতাংশে পৌঁছায়নি। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকা দিতে হবে। এতে হার্ড ইমিউনিটি বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়, যা টিকা না পাওয়া শিশুদেরও সংক্রমণ থেকে অনেকটা সুরক্ষা দেয়। কিন্তু দেশে এ লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। বিভিন্ন এলাকায় টিকা না পাওয়া শিশুদের পকেট বা গুচ্ছ থাকায় সংক্রমণ ছড়াচ্ছে।’

টিকা পাওয়ার উপযোগী শিশুর সুনির্দিষ্ট হিসাব না থাকলেও টিকাদান কার্যক্রম জোরদার করে হাম নিয়ন্ত্রণে কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘ধারাবাহিকভাবে টিকা দেওয়া হচ্ছে। টিকাদানের মাধ্যমে হার্ড ইমিউনিটি বা শক্তিশালী রোগ প্রতিরোধবলয় তৈরির কাছাকাছি রয়েছি। হাম প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া নিশ্চিত করছি।’

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত আট মাসে হামের উপসর্গ নিয়ে ও হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জনের এবং হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৮৮০ জনের। তাঁদের মধ্যে ২ লাখ ১৮ হাজার হাসপাতালে ভর্তি হয় এবং ২ লাখ ৯ হাজারের বেশি পেয়েছে ছাড়পত্র।

মূলত চলতি বছরে মার্চ থেকে হামের প্রাদুর্ভাব ব্যাপক আকারে শুরু হয়। আট মাস পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সরকার ধারণা করেছিল, টিকার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। ৫ এপ্রিল শুরু হওয়া হাম-রুবেলা টিকার জাতীয় ক্যাম্পেইন শেষ হয় ২০ মে। এরপর নিয়মিত টিকাদানের পাশাপাশি ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদেরও টিকা দেওয়া অব্যাহত রেখেছে স্বাস্থ্য বিভাগ; কিন্তু হাম নিয়ন্ত্রণে আসেনি।

স্বাস্থ্যসেবা বিভাগের দেওয়া সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ১০ নভেম্বরের প্রতিবেদনে দেখা যায়, ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রথম পর্যায়ের হাম-রুবেলা ক্যাম্পেইনে ১ কোটি ৮৪ লাখ ৪৬ হাজার ১২২ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এই পর্যায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ শিশু। ফলে প্রথম পর্যায়েই টিকাদানের হার দাঁড়ায় ১০২ দশমিক ২ শতাংশ।

এরপর ২১ মে থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ১৪ লাখ ১৭ হাজার ৭২৭ শিশুকে টিকা দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলা ইনটেনসিফায়েড ক্যাম্পেইনে টিকা পেয়েছে আরও ১৯ লাখ ১১ হাজার ৫১৮ শিশু। সব মিলিয়ে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৩৬৭ শিশু। কর্মসূচি শুরুর পর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট কভারেজ ১২০ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে গত ২৮ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ কোটি ৩৫ লাখ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৬ লাখ শিশু। এই হিসাব অনুযায়ী, হাম-রুবেলা ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রার চেয়ে ভিটামিন এ ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ৫৫ লাখ বেশি।

চলতি মাসে হাম পরিস্থিতি ও টিকাদান কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সাময়িকী ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’- সাময়ীকিতে এ প্রকাশিত পর্যালোচনাধর্মী একটি প্রবন্ধে বাংলাদেশের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণের পদ্ধতি নিয়ে উদ্বেগের কথা বলা হয়। এতে বলা হয়েছে, টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও জনসংখ্যার একটি অংশের মধ্যে টিকার ঘাটতি আড়ালে থেকে যেতে পারে। একই সঙ্গে টিকা দেওয়ার তথ্য অতিরিক্ত দেখানোর সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

দেশের জনস্বাস্থ্যবিদেরাও বলছেন, টিকাদানের কভারেজ লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি এবং হিসাবেও গরমিল আছে। নিয়মিত টিকাদান কর্মসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটায় অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে বিশেষ ক্যাম্পেইনের পাশাপাশি নিয়মিত টিকাদান জোরদার এবং বাদ পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা জরুরি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘হামের সংক্রমণক্ষমতা অনেক বেশি। এর বিস্তার ঠেকাতে ব্যাপক টিকাদানের বিকল্প নেই। অন্যান্য কিছু সংক্রামক রোগে জনগোষ্ঠীর বড় অংশকে টিকা দেওয়া হলে বাকিরাও পরোক্ষ সুরক্ষা পেতে পারে। কিন্তু হামের ক্ষেত্রে এমন গোষ্ঠীগত সুরক্ষা তৈরি করা কঠিন। তাই অন্তত ৯৫ শতাংশ বা তার বেশি শিশুকে টিকার আওতায় আনতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত