দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১৭৩ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৫০৯ জনের।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪ জন, চট্টগ্রামে ১২২, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।











