Ajker Patrika

স্বাস্থ্য খাতের দুর্নীতি সুশাসনের ব্যর্থতা: হেলথ ওয়াচের প্রতিবেদন

• শহরকেন্দ্রিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় ৪০% চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত।

• কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য খাতের দুর্নীতি সুশাসনের ব্যর্থতা: হেলথ ওয়াচের প্রতিবেদন
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতের দুর্নীতি শুধু ব্যক্তির অসদাচরণ নয়, বরং দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ফল। শহর ও নগরকেন্দ্রিক সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে এই হার ৭০ শতাংশ ছাড়িয়েছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদন ২০২৫-২০২৬ প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

‘চ্যালেঞ্জিং করাপশন: স্ট্রেংদেনিং গভর্ন্যান্স ইন বাংলাদেশ’স হেলথ সেক্টর’ শীর্ষক ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি সম্পাদনা করেছেন বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী (ইমেরিটাস) শামসুল এল আরেফিন। প্রতিবেদনে বলা হয়, ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান। লেখকদের হিসাব অনুযায়ী, শুধু বড় প্রতিষ্ঠানগুলোতেই বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা কমিশন হিসেবে লেনদেন হতে পারে। এ ছাড়া আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। পরবর্তী গবেষণায় কিছু প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে এই হার ৭০ শতাংশ ছাড়িয়েছে।

সরকারি কেনাকাটায় অনিয়মের চিত্রও উঠে এসেছে প্রতিবেদনে। এতে বলা হয়, কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে। সেখানে ন্যায্যমূল্যের সর্বোচ্চ ১৮ গুণ দামে সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। অন্যদিকে, ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্র অব্যবহৃত পড়ে রয়েছে।

রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রেও নানা অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। দালাল, শয্যা ও ছাড়পত্রের জন্য অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানোর কারণে চিকিৎসার ব্যয় বাড়ছে। মানবসম্পদ ব্যবস্থাপনায় রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। মন্ত্রণালয়ের ১ লাখ ৮০ হাজারের বেশি জনবলের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে এসব প্রভাব বড় ভূমিকা রাখে। এ ছাড়া ২০১০ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) চিকিৎসায় অবহেলার ১৭২টি অভিযোগ জমা পড়ে। এগুলোর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ‘দুর্নীতি শুধু আর্থিক অনিয়ম বা টেন্ডারবাজিতে সীমাবদ্ধ নয়, নীতি প্রণয়নের সময় বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নীতিকে প্রভাবিত করাও দুর্নীতি। তাই শুধু অপরাধী শনাক্ত করে শাস্তি নয়, পুরো ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করাও জরুরি।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, ‘নিয়োগ-পদোন্নতিতে যোগ্যতার মূল্যায়ন, স্বচ্ছ ক্রয়ব্যবস্থা এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করতে হবে।’

প্রতিবেদনে কমিশনভিত্তিক রেফারেল আইন করে নিষিদ্ধ করা, চিকিৎসক এবং ওষুধশিল্পের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করা, যোগ্যতাভিত্তিক নিয়োগ-পদোন্নতি এবং সরকারি ক্রয়ের তথ্য প্রকাশের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি চিকিৎসায় অবহেলার জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো, স্বাধীন নিয়ন্ত্রক ব্যবস্থা, হাসপাতালগুলোতে ঘটনা প্রতিবেদন এবং মৃত্যুর পর্যালোচনা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত